ইরাকে বোমা হামলায় নিহত ৭
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে শনিবার পৃথক পৃথক তিনটি বোমা হামলার ঘটনায় ছয় ইরাকি ও এক মার্কিন সেনা নিহত হয়েছে।
এদিকে বাকুবায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আরো একজন ইরানি নিহত হয়েছে।
বাগদাদের নিকটবর্তী সাব ফুটবল স্টেডিয়ামের কাছে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে মার্কিন এক সেনা নিহত হয়।
এর পরপরই শহরের পূর্বদিকে অপর এক বোমা বিস্ফোরণে তেলের ট্যাংকের প্রহরারত দুই ইরাকি নিহত হয়।
বাগদার্দে ঘাদির নামক স্থানে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিন ইরাকি নিহত ও চারজন আহত হয়।
এছাড়া বাকুবায় গাড়ী বোমা হামলায় ঘটনাস্থলেই একজন ইরাকি নিহত ও চারজন মারাত্মকভাবে আহত হয়েছে।
অপরদিকে বসরার বিমানবন্দরের কাছ থেকে মেসিডোনিয়ার দু’জন কন্ট্রাক্টর অপহৃত হয়েছেন। তারা উভয়েই ইরাকে মার্কিন সেনা অভিযানের সাথে জড়িত ‘ইকোলগ’ নামক একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বসরার শৈবা নামক এলাকায় ব্রিটিশ সেনা ঘাঁটির কাছে ঘোরাঘুরি করার সময় তারা অপহৃত হন।
অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, তাদের মুক্তির জন্য অপহরণকারীরা ১০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছে।
