ফিলিপাইনে ব্যাপক ভূমিধসে ১৮শ’ জনের মৃত্যু
ফিলিপাইনের লেটি দ্বীপে ভূমিধসের পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ ভূমিধসে একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ১৮শ’ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধার তৎপরতা অভিযানের নেতৃত্বদানকারী সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, মাত্র কয়েক ডজন লোককে জীবিত অবস্থায় শুক্রবার মাটি চাপা থেকে উদ্ধার করা হয়েছে।
হেলিকপ্টারগুলো রাতের বেলা উড়তে না পারার কারণে উদ্ধার তৎপরতা কয়েক ঘন্টা বন্ধ ছিল।
একটি আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা দল কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাস্থলে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি জাহাজ এবং জাতিসংঘের একটি দুর্যোগ মূল্যায়ন দল ঘটনাস্থলে পৌঁছেছে।
উদ্ধার কাজের জন্য রেডক্রসও একটি বিমান পাঠিয়েছে এবং তারা ত্রাণ সরবরাহের জন্য ১৫ লাখ মার্কিন ডলারের জন্য আবেদন করেছে।
এ ভূমিধসে প্রত্যন্ত গ্রাম গুইনসাগুনের কয়েকশ’ ঘরবাড়ি এবং একটি স্কুলের সব শিশুরা মাটি চাপা পড়ে।
কয়েক দিন ধরে বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলে ঘন কাদা, বিভিন্ন রাস্তা বন্ধ এবং সেতু ভেঙ্গে পড়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ফিলিপাইন রাষ্ট্রপতি গ্লোরিয়া ম্যাকাপাগল অরোয়া উদ্ধার তৎপরতার জন্য নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যদের শুক্রবার দুর্ঘটনাস্থলে পাঠান।
