২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা এবং নিখোঁজ ১৫০০

ফিলিপাইনে আকস্মিক এক ভূমিধসে পুরো একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ায় অন্তত: ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে আরও ১৫০০ জন নিখোঁজ রয়েছে বলে রেডক্রসের ফিলিপিনো প্রধান রিচার্ড গর্ডন জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ফিলিপাইনের লেইটি দ্বীপের দক্ষিণে সেইন্ট বার্নার্ড অঞ্চলের একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০.৪৫ মিনিটে এই অকস্মাৎ ভূমিধস দেখা দেয়।

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, এখনও পর্যন্ত মাত্র চারটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার ভয়াবহতা এবং আকস্মিকতার কারণে উদ্ধারকর্মীরা এখনও পুরো উদ্যমে উদ্ধারকাজ শুরু করতে পারেনি।

ভূমিধসের পর গ্রামটিতে কয়েকশত ঘর-বাড়ির মধ্যে অল্প কয়েকটি বাড়ি অক্ষত রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রেসিডেন্ট গ্লোরিয়া অরোয়া-এর মুখপাত্র ইগনাসিও বানি বলেছেন, দুর্গত স্থানে সরকারীভাবে জরুরী উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। তিনি এই উদ্ধার ও ত্রাণ তৎপরতার কাজে বেসরকারী সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহবান জানান।

ফিলিপাইনের সেনাবাহিনী এই উদ্ধার কাজে সহায়তার জন্য দুর্গত গ্রামটিতে হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠিয়েছে। রেডক্রস প্রধান গর্ডন জানান, রেডক্রস দুর্গত স্থানে বেঁচে যাওয়া মানুষের খোঁজে ডগ স্কোয়াড পাঠানোর চেষ্টা করছে।

বিগত দশ দিন প্রবল বৃষ্টিপাতের ফলে এই ভূমিধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য লেইটি দ্বীপে বিগত এক সপ্তাহে ভূমিধসে ২০ জন প্রাণ হারিয়েছে।