হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে ফল প্রকাশে বিলম্ব; কারচুপির অভিযোগ, বিক্ষোভ
হাইতির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আটদিন পরও চূড়ান্ত ফলাফল ঘোষণা না করায় নির্বাচন ও ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। কারচুপি ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রেক্ষিতে দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি এ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে অন্যতম প্রার্থী রিনে প্রিভালের (৬৩) অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিশন গঠিত হওয়ায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে হাইতিবাসীকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের এ ধরনের বিলম্বের কারণকেও উদ্দেশ্যমূলক বলে মনে করছে হাইতিবাসী। নির্বাচনে বড় ধরনের কারচুপির হয়েছে বলে প্রিভাল অভিযোগ করেছেন।
এদিকে ৯০ শতাংশ ভোট গণনার ওপর ভিত্তি করে যে ফলাফল এখন পর্যন্ত দেওয়া হয়েছে রিনে প্রিভাল তা প্রত্যাখ্যান করেছেন। ভোটের আংশিক ঘোষিত ফলাফলে প্রিভাল ৪৭ দশমিক ৭৬ শতাংশ ভোট পেলেও প্রথম রাউন্ডের নির্বাচনে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি।
তদন্ত কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে প্রিভালের নিজস্ব রাজনৈতিক দল ও নির্বাচন কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করবে।
প্রিভাল বলেন, জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। আমরা আশা করেছিলাম যে প্রথম রাউন্ডে আমরা জিতবই।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রিভাল হাইতির প্রেসিডেন্ট ছিলেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রাজধানী পোর্ট-অব-প্রিন্সের অনেক স্থানে ব্যালট বাক্স পাওয়া গেছে। হাইতির অনেক বিক্ষুব্ধ নাগরিক ব্যালট বাক্স হাতে নিয়ে ভোট কারচুপির অভিযোগ করছেন এমন দৃশ্য স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
নির্বাচনের আংশিক ফলাফল প্রত্যাখ্যান করতে সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন প্রিভাল।
