ইরাকের নির্বাচনে শিয়া জোটের আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা
ইরাকে গত ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রক্ষণশীল শিয়া জোট ইরাকি ইউনাইটেড এলায়েন্সকে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর শিয়া জোটের জন্য পার্লামেন্ট অধিবেশন ডাকা ও নতুন সরকার গঠনের পথ সুগম হলো।
শুক্রবার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যে বাগদাদের দক্ষিণে এক সুন্নি মসজিদের কাছে এক গাড়ি বোমা হামলায় সাত জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
একই সাথে ইরাকে মার্কিন সাংবাদিক জিল ক্যারোলের অপহরণকারীরা এই বলে আলটিমেটাম দিয়েছে, তাদের দাবী ২৬ জানুয়ারির মধ্যে মানা না হলে ওই সাংবাদিককে তারা হত্যা করবে।
ইরাকে প্রধান নির্বাচন কমিশনার আদেল আল-লামি নির্বাচনের চুড়ান্ত ফলাফল পাঠ করে শোনান। গত ২০ জানুয়ারি যে সাময়িক ফলাফল ঘোষনা করা হয়, তার থেকে এই ফলাফল ভিন্ন ছিলোনা।
২৭৫ আসনের পার্লামেন্টে শিয়া জোট ১২৮ টি আসন লাভ করেছে। নিকটতম অবস্থানে থাকা কুর্দী এলায়েন্স পেয়েছে ৫৩ টি আসন এবং সুন্নি ও ধর্ম নিরপেক্ষ জোটের যৌথ কাউন্সিল পেয়েছে ৮০ টি আসন। বাকি আসন গুলো ছোট ছোট দল বা ইরাকের সংখালঘু উপজাতিরা পেয়েছে।
