১২০০ বছরের মধ্যে বিংশ শতাব্দীই উষ্ণতম
১২০০ বছরের মধ্যে বিংশ শতাব্দীতে উত্তর গোলার্ধের উষ্ণতা সবচেয়ে বেশি ছিল। লন্ডনে বিজ্ঞান বিষয়ক এক সাময়িকী একথা জানায়।
গ্রীন হাউজ প্রতিক্রিয়ার ফলে সাম্প্রতিক সময়ে পৃথিবীর উষ্ণতা অতীতের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে বলে গবেষকরা জানান।
ইস্ট এ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাপমাত্রার কারণে ফসিলের পরিবর্তন, গাছের ভেতরের অবস্থার পরিবর্তন, বরফের গাঠনিক পরিবর্তন এবং অতীতের সকল তাপমাত্রার রেকর্ড পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছেন যে, উত্তর গোলার্ধ বিংশ শতাব্দীতেই সবচেয়ে বেশি উষ্ণ ছিল।
এই গবেষণার জন্য তারা বিগত ৭৫০ বছরে বিভিন্ন মানুষের লেখা ডায়রিও পর্যবেক্ষণ করেছেন।
৮৯০-১১৭০ খৃস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হতো উত্তর গোলার্ধের জন্য উষ্ণ সময়। আবার ১৫৮০-১৮৫০ পর্যন্ত সময়কে বিবেচনা করা হয় উত্তর গোলার্ধের ছোট বরফ যুগ হিসেবে। বর্তমানে সমগ্র পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সাথে অতীত জলবায়ুর এই সম্পর্ককে গবেষকরা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন।
