নেপালের জনগণ পৌর নির্বাচন বয়কট করেছে
নেপালের অধিকাংশ মানুষ সে দেশের পৌর নির্বাচন বয়কট করেছে। ফলে রাজা জ্ঞানেন্দ্রের রাজতন্ত্রকে বৈধতা দেয়ার আশাটি ভেস্তে গেল। গত বছরের প্রথম দিকে এক রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন।
বুধবার নেপালের এই পৌর নির্বাচন শেষের এক ঘন্টা আগে মাত্র পনের শতাংশ ভোটার ভোট প্রদান করে বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন। ঐতিহ্যগতভাবে সরকারী দল হিসেবে খ্যাত নেপালী কংগ্রেস দলের মুখোপাত্র কৃষ্ণা সিটাওলা জানিয়েছেন, এই নির্বাচন ছিল রাজা জ্ঞানেন্দ্রের রাজতন্ত্রকে শক্তিশালী করবার লক্ষ্যে, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই নির্বাচনকে বয়কট করে নেপালী জনতা তাদের রাজাকেই প্রত্যাখ্যান করেছে।
নেপালের তথ্যমন্ত্রী শ্রীশ সামশের জে বি রানা জানিয়েছেন সারা দেশে মোট ৩০ শতাংশ ভোটার অংশ নিয়েছেন। বেশিরভাগ নেপালী ভোট কেন্দ্রে যায়নি মাওবাদী সন্ত্রাসীদের ভয়ে।
নির্বাচন কমিশনের সূত্রমতে ১৯৯৭ সালের স্থানীয় নির্বাচনের শতকরা ৬২ জন ভোট দিয়েছিল। ১৯৯৯ সালে সংসদ নির্বাচনে ভোট পড়েছিল শতকার ৬৬ ভাগ। সে তুলনায় এবারের এই পৌর নির্বাচন রাজা জ্ঞানেন্দ্রের প্রতি জনগনের বিরূপ মনোভাবেরই স্পষ্ট প্রকাশ।
এই নির্বাচনকে সফল করার লক্ষ্যে কাঠমাণ্ডুর রাস্তায় রাস্তায় সশস্ত্র গাড়ির বহর টহল দিয়েছে। অন্যদিকে নির্বাচনকে বয়কট করার লক্ষ্যে মাওবাদীরা সপ্তাহব্যাপী ধর্মঘট ও হরতালের ডাক দিয়ে কাঠমাণ্ডুকে অচল করে দিয়েছে।
মাওবাদী সংগঠন এবং নেপালের সাতদলীয় জোট এই নির্বাচন বয়কট করার কারণে সরকারের ৪,০০০টি পদে নির্বাচন ব্যাপক বিঘিœত হলো।
নেপালকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই মাওবাদীদের মূল লক্ষ্য। মাওবাদীরা গত নভেম্বর মাসে নেপালের সাতদলীয় জোটের সাথে এই সমঝোতায় পৌঁছেছে যে তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশের সংবিধান পরিবর্তন করবে।
রাজা জ্ঞানেন্দ্রের ক্ষমতা গ্রহণকে বৈধতা দেয়ার ব্যাপারে এই নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেপালের জনগন এই নির্বাচন বয়কট করায় বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন না হলেও রাজা তার পছন্দের লোককে দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
নেপালের মন্ত্রীরা বলছেন আন্তর্জাতিকভাবে কোন সংস্থা এই নির্বাচন পর্যবেক্ষণ না করলেও এটা ‘আমাদের সার্থকতা’ যে এই অস্থিতিশীল সময়ের মধ্য দিয়ে দশ বছর পর নির্বাচন সম্পন্ন হলো।
