ইরান এবং সিরিয়া কার্টুন বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে: যুক্তরাষ্ট্র
হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশিত হওয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার জন্য ইরান এবং সিরিযা কে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিঃসা রাইস।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে দূতাবাসে হামলাসহ সকল প্রকার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। শুধু আফগানিস্তানেই দাঙ্গায় মারা গেছে অন্তত: ১০ জন, খবর বার্তা সংস্থার।
রাইস এবং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী টিজপি লিভনি এক যৌথ বিবৃতিতে ইরান এবং সিরিয়াকে জনগণকে উসকে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।
রাইস তীব্র ভাষায় ইরানকে কটাক্ষ করে বলেন দেশটি তাদের এ ভূমিকার কথা গোপন রাখারও প্রয়োজন বোধ করেনি।
পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক বলেন, সরকারি মদদেই ইরান এবং সিরিযায় সহিংসতার ঘটনা ঘটেছে।
এদিকে ইরানি একটি পত্রিকা ’হলোকস্টে’র ওপর কার্টুন প্রতিযোগিতার আহ্বান জানিয়েছে যাকে মার্কিন সরকার অত্যন্ত জঘণ্য ও নিন্দনীয় পদক্ষেপ বলে অভিমত দিয়েছে।
