সহিংসতা বন্ধের জন্য মুসলমানদের প্রতি ড্যানিশ প্রধানমন্ত্রীর আহ্বান
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী এ্যান্ডার্স ফগ রাসমুসেন “বিশ্ব সংকট” হিসেবে আখ্যায়িত করে সহিংসতা বন্ধের জন্য মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, একশ্রেণীর সহিংস চরমপন্থীরা এই ঘটনাকে কাজে লাগিয়ে সহিংসতাকে উস্কে দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
ড্যানিশ প্রধানমন্ত্রী কোপেনহেগেনের এক সংবাদ সম্মেলনে বলেন, “ব্যঙ্গচিত্রের কারণে আমরা বিশ্বব্যাপী সংকটের সম্মুখিন হচ্ছি”।
বিশ্বব্যাপী এই বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং তা পশ্চিম আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তানের নরওয়ের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টাকালে গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত হয়।
প্রথমে ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় এবং পরবর্তীতে ইউরোপের কয়েকটি দেশের পত্রিকায় পুনঃমুদ্রণের পর ইসলামি বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
