চরমপন্থীদের সঙ্গে সংঘর্ষে কলম্বিয়ার ৭ পুলিশ নিহত
বোগোটা থেকে ১৭০ কিলোমিটার দূরের সিরা ম্যাকেরেনা পার্কে সন্দেহভাজন বাম চরমপন্থীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সরকারি সূত্র মঙ্গলবার একথা জানায়।
এ ঘটনায় এক শ্রমিকও আহত হয়।
মাদক উৎপাদনে ব্যবহৃত একটি কোকেন পরীক্ষাগার ধ্বংস করে ফেলার কাজে নিয়োজিত শ্রমিকদের পাহারা দেবার সময় পুলিশ কর্মকর্তারা এই হামলার স্বীকার হন বলে সরকারী কর্মকর্তারা জানান।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিব সংঘর্ষে নিহত পুলিশদের বীর সন্তান আখ্যায়িত করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেসিডেন্ট বলেন, পার্ক থেকে সন্ত্রাসের মূল উৎপাটন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তারা নিহত হয়েছেন।
এই সংঘর্ষের পর প্রেসিডেন্ট ওই অঞ্চল থেকে কোকেন চাষ পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি এ হামলার জন্য ওই অঞ্চলের প্রধান চরমপন্থী দল রেভ্যুলেশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়াকে দায়ি করেন।
গত মাসে ওই পার্কের কাছে কোকো ধ্বংস করতে গিয়ে চরমপন্থীদের হামলায় ২৯ জন সৈন্য নিহত হলে সেখানে আরো ২০০০ সৈন্য ও ১৫০০ পুলিশ মোতায়েন করা হয়।
