সাদ্দামের সাথে প্রধান কৌশলীকে দেখা করতে দেয়া হচ্ছেনা
পদচ্যুত ইরাকী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রধান কৌশলী বলেছেন, এক বছরেরও বেশী সময়ের মধ্যে এবারই প্রথম তাকে সাদ্দাম হোসেনের সাথে দেখা করতে দেয়া হয়নি।
খালেদ দুলামি বলেন, মার্কিন সামরিক কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ছাড়াই তার অনুরোধ প্রত্যাখান করেছে।
এ বিষয়ে বাগদাদের মার্কিন কর্তৃপক্ষের কোন ভাষ্য পাওয়া যায়নি।
গত সপ্তাহে সাদ্দাম হোসেনের বিচার ট্রাইবুনালের নতুন কুর্দি প্রধান বিচারক রউফ আব্দুল রহমানের পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে দুলামি বিচার কার্য থেকে ওয়াক আউট করেন।
আমেরিকানরা আমাদের বলে দিয়েছে যে, আমি বা আমার স্বপক্ষের অন্য কোন কৌশলী সাদ্দাম হোসেন বা অন্য কোন মক্কেলের সাথে দেখা করতে পারবো না। রবিবার আম্মানে দুলাইমি এ কথা বলেন।
তিনি বলেন, তার মক্কেলের সাথে সাক্ষাৎ করতে না দেয়া বেআইনী এবং এর মাধ্যমে সাদ্দাম হোসেনকে ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত করা হবে।
আদালতে সাদ্দামের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, প্রধান বিচারক আব্দুর রহমান নিরপেক্ষ বিচার করতে পারছেন না। কারন ১৯৮৮ সালে তার শহর হালাবজাতে ইরাকি আইন প্রয়োগকারী সংস্থা বিষাক্ত গ্যাস হামলা চালায় বলে অভিযোগ রয়েছে এবং সে অভিযোগেও এই বিচার ট্রাইবুনাল বিচার করবে।
সাদ্দাম হোসেন ও তার সহযোগিরা ১৯৮২ সালে দুজালের গ্রামে ১৪৮ জন শিয়াকে হত্যার দায়ে অভিযুক্ত। তবে সাদ্দাম হোসেন ও তার সহযোগিরা এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে।
