২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহিত সাগরে মিশরের ফেরিডুবি, ১৮৫ মৃতদেহ উদ্ধার

লোহিত সাগরে ১৪শ’ যাত্রী নিয়ে মিশরের ফেরিডুবিতে কয়েকশ’ লোকের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত কমপক্ষে ১৮৫টি মৃতদেহ এবং তিনশ’ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়রো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:56 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

কায়ারোর কর্মকর্তারা জানান, ১৮৫টি মৃতদেহ এবং তিনশ’ জনকে উদ্ধার করা সম্ভব হলেও কয়েকশ’ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সৌদি আরবের দুবা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই আল-সালাম বোক্কাকিও জাহাজটি মিশরের উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ডুবে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে ৩৫ বছরের পুরনো জাহাজটি সাগরের প্রতিকূল আবহাওয়ায় চলাচলের অনুপযোগী ছিল। মিশরীয় পরিবহন মন্ত্রী অবশ্য বলেছেন, ফেরিটি সাগরে চলাচলের যোগ্যতা নিয়ে কোন শঙ্কা ছিল না।

প্রেসিডেন্ট হোসনী মোবারক এ দুর্ঘটনার কারণ সম্পর্কে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর একজন মুখপাত্র বলেছেন, জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণ জীবন রক্ষাকারী সরঞ্জামাদি ছিল না।

দুর্ঘটনা কবলিত স্থানে যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। জাহাজাটিতে মিশরীয় ছাড়াও সৌদি আরব এবং সুদানসহ বিভিন্ন দেশের প্রায় একশ’ লোক ছিল।