সাদ্দামের ফাঁসির কয়েক ঘণ্টার মধ্যে ইরাকে গাড়িবোমায় নিহত ৭২
সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানোর ঘণ্টাখানেকের মধ্যেই ইরাকে বেশ কয়েকটি গাড়িবোমা হামলা হয়েছে। এতে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সবগুলো হামলাই হয়েছে শিয়াপ্রধান এলাকায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কুফায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৬ জন নিহত হন। আহত হন ৫৮ জন।
পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় এবং তাতে তিনিও মারা যান।
এদিকে পরপর তিনটি গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে নিহত হন ৩৬ জন। শিয়া অধ্যুষিত হুরিয়া এলাকায় গাড়িবোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। আহত ৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়। এর মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানোর প্রতিক্রিয়ায় এ হামলা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে বিশ্লেকরা বলছেন। তবে ওই ঘটনায় ইরাকের শিয়া ও কুর্দিরা উল্লাস প্রকাশ করলেও সুন্নিরা ছিল প্রতিবাদ মুখর।
