৮৫০ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় জাহাজডুবি
৮৫০ জন যাত্রী নিয়ে সেন্ট্রাল জাভার জাভা সমুদ্রে একটি ইন্দোনেশীয় জাহাজডুবি হয়েছে শুক্রবার মধ্যরাতে। ‘সেনাপতি’ নামের ওই জাহাজটি সেন্ট্রাল কালিমান্তান প্রদেশ থেকে দেশটির মূল দ্বীপ সেন্ট্রাল জাভায় যাচ্ছিল। এলশিন্তা নিউজ রেডিও শনিবার একথা জানিয়েছে।
ইন্দোনেশিয়ার মেট্রো টেলিভিশন ওই জাহাজের যাত্রী সংখ্যা পাঁচ শতাধিক উল্লেখ করে।
সেন্ট্রাল জাভার নৌবাহিনী কমান্ডার কর্নেল ইয়ান সিমামোরা জানান, “মধ্য রাতের দিকে জাহাজটি ডুবে যায়। ৯ জন যাত্রীকে উদ্ধার করে বাওয়িয়ান দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পেয়েছি আমরা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চালাতে পারছি না আমরা।”
তিনি বলেন, উদ্ধারকারীরা হেলিকপ্টারের সাহায্যে জাহাজটির অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর তিনটি নৌযান এবং পুলিশের একটি জাহাজ উদ্ধারকাজে অংশ নিয়েছে।
ইন্দোনেশিয়ার ১,৭০০ দ্বীপের মধ্যে যাতায়াতের মাধ্যম হিসেবে ফেরি ও জাহাজ অত্যন্ত জনপ্রিয়।
