সাদ্দামের দণ্ড কার্যকর ‘করুণ’ ঘটনা: ভ্যাটিকান
সাদ্দাম হোসেনের ফাঁসিকে ‘করুণ’ ঘটনা হিসেবে উল্লেখ করে এক প্রতিক্রিয়ায় শনিবার ভ্যাটিকান বলেছে, এর ফলে ইরাকে গোষ্ঠীদাঙ্গা বিস্তার এবং নতুন করে সহিংসতা শুরুর ঝুঁকি সৃষ্টি হল।
ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্ডি বলেন, “সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) সব সময়ই একটি করুণ সংবাদ, এমনকি মারাত্মক অপরাধে দুষ্ট কোন ব্যাক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা দুঃখের সঞ্চার করে।”
মৃত্যুদণ্ডের বিপক্ষে চার্চের অবস্থানের কথা প্রায়ই জানানো হয় বলেও তিনি উল্লেখ করেন।
ভ্যাটিকানের মুখপাত্র বলেন, ইরাকি জনগনের এ অন্ধকার সময়ে, বর্তমান নাটকীয় পরিস্থিতিতে সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে, কেবল সেটাই প্রত্যাশা করতে পারি আমরা।
