হাজীরা এখন মিনায়
পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতায় শনিবার সকালে মুজদালিফা থেকে মিনায় পৌঁছেছেন হাজীরা। এর আগে প্রায় ৩০ লাখ মুসলমান আরাফাতের ময়দানে হাজির হয়ে সমস্বরে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আল্লাহর দরবারে নিজেদের উপস্থিতি ঘোষণা শেষে শুক্রবার মুজদালিফায় রাত্রিযাপন করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পালিত রীতি অনুসরণে জিকির, দোয়া আর মোনাজাতে শরিক হয়ে এ রাত্রি যাপন করেন হাজীরা। মিনায় সমবেত হয়ে শয়তানকে লক্ষ্য করে নির্ধারিত স্থানে ঢিল ছুঁড়বেন তারা। শয়তানকে লক্ষ্য করে সাতবার পাথর নিক্ষেপের পর কুরবানির প্রস্তুতি নেবেন হাজীরা।
সেলাইবিহীন সাদা কাপড় পরা লাখ লাখ হাজীর আরাফাতের ময়দানে হাজির হয়ে আল্লাহর দরবারে উপস্থিতি ঘোষণা প্রতীকীভাবে আখেরাতের ময়দানে ধনী, গরিব, গোত্র, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅবস্থানের কথা মনে করিয়ে দেয়।
এ আরাফাত ময়দান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। দীর্ঘ বিচ্ছেদের পর আদি মানব-মানবী আদম-হাওয়ার পুনর্মিলণের জায়গাটিই আরাফাতের ময়দান নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ (স.)-মানব জাতির উদ্দেশে তার শেষ উপদেশ দেন এ আরাফাতের ময়দানেই যা ‘বিদায় হজ্বের ভাষণ’ হিসেবে পরিচিত ।
মিনায় ‘শয়তানকে’ পাথর নিক্ষেপের প্রথা পালন করতে গিয়ে ‘জামারাত’ সেতুর কাছে অতিরিক্ত ভিড়ে পায়ের চাপায় পড়ে হতাহতের ঘটনা এড়াতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। নতুনভাবে নির্মিত জামারাত সেতু দিয়ে এবার প্রতি ঘন্টায় আড়াই লাখ হাজী পার হতে পারবেন । তাছাড়া শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য নিয়োজিত থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য। গত বছর এখানে অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনায় ৩৪৫ জন হাজী মারা যান।
শনিবার মিনায় আনুষ্ঠানিকতা শেষে হাজীরা কুরবানি করবেন এবং মদিনা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র রওজা জিয়ারতে যাবার আগে সাতবার কাবা শরীফ তাওয়াফ করবেন। সোমবার হজ্বের সব আনুষ্ঠাকিতা শেষ হবে।
