২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির মঞ্চেও অবিচল ছিলেন সাদ্দাম

ভোর ছয়টায় ফাঁসি মঞ্চের দিকে এগুনোর সময় বোঝা গেল ইরাকের তিকরিতে জন্ম নেওয়া বিতর্কিত এ লোকটিকে কেন লৌহমানব বলা হতো। যূপকাষ্ঠের অঙ্গুলি পরিমাণ দূরত্বে দাঁড়িয়েও অবিচল সাদ্দাম হোসেন জেনে নিলেন তাকে কী কী করতে হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 04:12 PM

তারপর ফাঁসির দড়ি পরতে নিজে থেকেই একটু যেন এগিয়ে গেলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে পরিচালিত ফাঁসির রায় কার্যকরের দৃশ্যটি ইরাকের আল হুররা টিভির কল্যাণে পুরো দুনিয়াই দেখেছে। ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রতিনিধি হয়ে পুরো বিষয়টির সাক্ষী হতে সেখানে হাজির ছিলেন সামি আল আসকারি।

ইরাকের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত সবচেয়ে সুরক্ষিত এলাকা গ্রিন জোনে বানানো বিশেষ ফাঁসির মঞ্চে ইরাকি সময় শনিবার ভোর ৬ টায় (বাংলাদেশ সময় সকাল ৯ টায়) তার মুত্যুদণ্ড কার্যকর করা হয়।

এলাকাটা বাগদাদের উত্তরাংশে কাদিমিয়া শহরের অংশ। সেখানে একটি সামরিক ঘাঁটির ভেতরে এই ফাঁসির আয়োজন করা হয়।

সাদ্দামের শাসনামলে সামরিক গোয়েন্দা সদর দপ্তর ছিল সেটি। এককালে সেখানে অমানুষিক নির্যাতন চালিয়ে বিরোধীদের হত্যার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে।

ফাঁসির প্রত্যক্ষদর্শী ঊর্ধ্বতন এক ইরাকি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, “খুব দ্রুতই পুরো ঘটনাটা শেষ হয়ে যায়। মৃত্যুর আগে তিনি (সাদ্দাম) ছিলেন সম্পূর্ণ শান্ত।”

প্রধানমন্ত্রী আল মালিকির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র সামি আল আসকারি বলেন, “আমরা তার ঘাড় মটকানোর শব্দটি স্পষ্ট শুনতে পাই।”

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময় বিড় বিড় করে সাদ্দাম হোসেন বলছিলেন, মোহাম্মদ যার প্রেরিত পুরুষ তিনিই আমার ঈশ্বর।”

ফাঁসির দিতে আনার সময় ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট হাতকড়া পরা অবস্থায় বুকে ধরে রেখেছিলেন কোরআন শরীফ।

ফাঁসির সময় তিনি কালো কাপড়ে মুখ ঢাকতে অস্বীকার করেছিলেন বলে সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি আলজাজিরা টেলিভিশনকে জানিয়েছেন।

তবে ফাঁসির সময় উপস্থিত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফফেক আল রাবি বলেছেন, “ফাঁসির মঞ্চে সাদ্দামকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল।”

ইরাকের একসময়ের দণ্ডমুণ্ডের কর্তা ও লৌহমানবের ফাঁসি টাইগ্রিস নদী তীরে কার্যকরের সময় দেশটিতে উদযাপিত হচ্ছিলো ঈদুল আযহা।

একজন সরকারি মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফাঁসির পুরো দৃশ্যটি ভিডিও করা হয়েছে।

এদিকে সাদ্দামের ফাঁসি কার্যকরের দিনে বাগদাদ ও কুফায় গাড়ি বোমা বিস্ফোরণে মোট ৭২ জন মারা গেছে। দুটি অঞ্চলেই ৩৬ জন করে মারা গেছে।

সাদ্দাম হোসেনকে বাগদাদের কাছেই কোথাও দাফনের চিন্তা ভাবনা চলছে। তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হতে পারে বলে ইরাকি সরকারের একটি সুত্র জানিয়েছে। তবে তিকরিতের প্রশাসন দাফনের জন্য তার মরদেহ চেয়েছে বলে জানা গেছে।

একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দামের সৎভাই বারজান আল তিকরিতি ও সাবেক বিচারক আওয়াদ আল বন্দরের ফাঁসির রায় শনিবার কার্যকর হয়নি বলে তিনি জানান। কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটি শেষে তাদের ফাঁসিতে ঝুলানো হবে। এর আগে ইরাক টেলিভিশন তাদের ফাঁসি হওয়ার খবর দিয়েছিল।

ইরাকের একসময়ের দণ্ডমুণ্ডের কর্তার ফাঁসি কার্যকরের সময় দেশটিতে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। ঈদের দিন ফাঁসি কার্যকরের এ ঘটনায় শুধু মধ্যপ্রাচ্যই নয়, গোটা দুনিয়ারই মুসলমানদের মধ্যেই ক্ষোভের সঞ্চার ঘটায়। সাজার ব্যাপারে অনেকের আপত্তি না থাকলেও সময় নিয়ে আপত্তির কথা এক সুরেই জানালেন সবাই। সাদ্দামের ফাঁসি বিষয়টি আলোচিত ছিল সৌদি আরবে হজ পালনরত মুসলমানদের মধ্যেও। তারাও ক্ষোভ প্রকাশ করেছে এ ঘটনায়।

আরব বিশ্বে ক্ষোভের পাশাপাশি উল্লাসেরও কিছু খবর পাওয়া গেছে। ইরাকের শিয়া অধ্যুষিত কয়েকটি এলাকায় বের হয় আনন্দ মিছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী অনেক ইরাকিও আনন্দ মিছিল করে।

এদিকে সাদ্দাম হোসেনকে কোথায় সমাহিত করা হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকার চায় বাগদাদেই তাকে দাফন করতে, আর তার জন্মস্থল তিকরিতের মানুষ চায় সেখানে তাকে সমাহিত করতে। এদিকে জর্ডানে অবস্থানরত সাদ্দামকন্যা রাগাদ ইয়েমেনে তার বাবাকে সাময়িকভাবে সমাহিত করার ইচ্ছার কথা জানিয়েছেন। তার বক্তব্য, ‘পরাধীন’ ভূমিতে তার বাবাকে সমাহিত করা ঠিক হবে না।

সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকরের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বলেন, এ ঘটনা ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

বিবিসি জানায়, শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ওই বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় শনিবার বাগদাদ সময় ভোর ছয়টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) এই মৃত্যুদণ্ড কার্যকর হবে। সেখানে এ সিদ্ধান্তও হয়, যদি কোনো কারণে শনিবার সকালে ফাঁসি না দেয়া যায় তাহলে ঈদের পর তার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

এর আগে ফাঁসি কার্যকর বিষয়ে ইরাকি মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে। এরপর ইরাকের প্রধানমন্ত্রী সাদ্দামের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।

এই ফাঁসির আদেশ স্থগিত করতে সাদ্দামের আইনজীবীরা যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুক্রবার আপিল করেন। কিন্তু মার্কিন বিচারক বিষয়টি তার এখতিয়ারভূক্ত নয় উল্লেখ করে আবেদন খারিজ করে দেন। মৃত্যুদণ্ড কার্যকরের পরিপ্রেক্ষিতে বাগদাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সারা বিশ্বে আমেরিকান দূতাবাসগুলোতে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার রাত থেকেই সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার শেষমূহুর্তের প্রস্তুতি চলতে থাকে। সাদ্দামের প্রধান কৌঁসুলি খলিল আল দুলাইমির কাছ থেকে খবরটি প্রচারমাধ্যম হয়ে ছড়িয়ে পড়লে আরব দেশগুলোসহ বিশ্বব্যাপী শুরু হয় জল্পনা-কল্পনা। বিশ্বের গণমাধ্যমগুলো সারাক্ষণই এই সংক্রান্ত খবর, বিচারবিশ্লেষণ প্রচার করতে করতে থাকে।

গত দুই দিনে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ড রদ করে সাদ্দামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের সেই দাবিকে অগ্রাহ্য করে অনেকটা তাড়াহুড়ো করেই সাবেক এই একনায়ককে ফাঁসিতে ঝোলানো হলো।

সিকি শতাব্দি আগে ১৯৮০ এর দশকে ইরাকের দুজাইল নামের একটি গ্রামে শিশুসহ প্রায় ১৮৪ জন শিয়াকে হত্যার দায়ে ৫ নভেম্বর দেশটির একটি আদালত সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়। ২৬ ডিসেম্বর সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে।

নিজের পরিণতি সম্পর্কে নিশ্চিত হয়েই শত্রুর হাতে মৃত্যুবরণ করে ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেওয়ার পর পরিবার পরিজনদের শেষ বিদায় জানান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।

সাদ্দামের ফাঁসি কার্যকর বিষয়ে শুক্রবার পরস্পর বিরোধী নানা ধরনের খবর বাজারে ছড়ায়। তবে বুশ প্রশাসন ঠিকঠিকই জানতো যে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। শুক্রবার রাতেই বুশ এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “খুব শিগগিরই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমনকি তা শনিবারই হতে পারে।”

এই মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো ইরাক তো বটেই গোটা মধ্যপ্রাচ্য ইতিহাসের বহুল আলোচিত এক অধ্যায়ের। যেখানে একই সঙ্গে ছিলো দেশপ্রেম, চূড়ান্ত সাহস, ক্রোধ, হিংসা, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত।