২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জল্পনা আর গোপনীয়তায় মোড়া সাদ্দামের শেষ কয়েক ঘণ্টা

বাগদাদে তার প্রাসাদের অদূরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কারাগারে জীবনের অন্তিম মুহূর্তের অপেক্ষায় সাদ্দাম হোসেন। সাবেক ইরাকি প্রেসিডেন্টের জীবনের এই শেষ কয়েক ঘণ্টা ঢাকা পড়ে গেছে কর্তৃপক্ষের কঠোর গোপনীয়তা আর সংবাদ মাধ্যমগুলোর জল্পনায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 02:59 AM

Updated : 26 Apr 2022, 04:12 PM

প্রায় তিন দশক ধরে শক্ত হাতে ইরাক শাসন করা এই লৌহমনবকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত রায় দেওয়া হয় গত সপ্তাহে।

সাদ্দামকে সত্যি সত্যি যুক্তরাষ্ট্র ইরাকি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে কি-না তা নিয়ে পরস্পর বিরোধী খবরের মধ্যে দ্রুত ঘনিয়ে আসে তার ফাঁসির সময়। আর এ নিয়েই যত জল্পনা-কল্পনা।

শনিবার থেকে ইরাকে কোরবানীর ঈদ উপলক্ষে এক সপ্তাহের লম্বা ছুটি শুরু হচ্ছে। ইরাকী আইনে ছুটির সময় ফাঁসি কার্যকরের বিধান নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট আল হুররা টেলিভিশন কয়েকটি গোপন সূত্রের বরাত দিয়ে বলছে, টাইগ্রিস নদীর তীরে তৈরি করা ‘গ্রিন জোনে’ ফাঁসি কার্যকরের শেষ প্রস্তুতি সারতে ব্যস্ত রয়েছেন কয়েকজন শ্রমিক।

সাবেক প্রেসিডেন্টকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রচারিত খবর উড়িয়ে দিয়ে শুক্রবার রাতে একজন আমেরিকান কর্মকর্তা বলেন, “তিনি এখনো আমাদের হেফাজতে আছেন।”

আইনগতভাবে সাদ্দাম ইরাকি কর্তৃপক্ষের হেফাজতে থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের পাহাড়ায় থাকবেন বলেই ধারণা করা হচ্ছিলো।

সাদ্দামের আইনজীবিরা এক তথ্য দিয়েই সব জল্পনায় ঢেলে দেন ঘি।

এক আইনজীবী বলেন, তাকে সাদ্দামের ব্যবহার্য জিনিষপত্র নিয়ে আসার জন্য ডেকে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সাদ্দামের ভাইয়েরা তার সঙ্গে দেখা করেছেন। ফাঁসি কার্যকরের আগে আসামীদের এটি একটি স্বীকৃত অধিকার।

অন্য আরেক আইনজীবি জানান, সাবেক ইরাকি প্রেসিডেন্টকে দেওয়া ছোট্ট রেডিওটি ফেরত নেওয়া হয়েছে। কয়েকমাস আগে তাকে রেডিওটি দেওয়া হয়েছিলো। আসলে কখনই তিনি বুঝে ফেলেন, তার সময় শেষ।