মেক্সিকোয় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২৪
মেক্সিকোয় একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ২৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানী মেক্সিকো সিটি থেকে কিছু দূরে শিল্পনগরী কুটিটলানে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাসের ২৪ যাত্রী। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
প্রত্যক্ষদর্শী রয়টার্সের এক সাংবাদিক জানান, ট্রেন বাসটিকে প্রায় এক শ’ মিটার টেনে নিয়ে যায়।
শহরের মেয়র ম্যানুয়েল বেকেরিল জানান, আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসচালককে আটক করেছে। সে পালানোর চেষ্টা করছিল। দুর্ঘটনার জন্য তাকেই দায়ী করা হচ্ছে।
