ভূমিকম্পে সাবমেরিন কেবল অচল, এশিয়ায় ব্যবসা-বাণিজ্যে বিপর্যয়
তাইওয়ানে ভূমিকম্পে বুধবার এশীয় অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পে সমুদ্রের তলদেশের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে। মুদ্রা বাজারে লেনদেনের গতিও বেশ কমে গেছে।
বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান যোগাযোগের ক্ষেত্রে তীব্র সমস্যার কথা জানিয়েছে। অনেক প্রতিষ্ঠানের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইন্টারনেটের গতি মন্থর হওয়ার কথাও জানিয়েছে তারা।
দক্ষিণ কোরিয়ার ফিক্সড ও ব্রড ব্যান্ড সংযোগ প্রদানের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান কেটি করপোরেশন জানিয়েছে, মঙ্গলবার রাতের ভূমিকম্পে ছয়টি সাবমেরিন কেবল অচল হয়ে গেছে। কেটির এক মুখপাত্র বলেন “আমাদের অন্তত ২৭টি গ্রাহক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কবে নাগাদ আবার সেবা ব্যবস্থা আগের পর্যায়ে ফিরিয়ে আনতে পারবো তাও বলা যাচ্ছে না।”
সিওলের ব্যাংকগুলো তাদের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে।
আন্তর্জাতিক তথ্য কোম্পানি রয়টার্স গ্রুপ পিএলসি জানায়, জাপান ও কোরিয়ায় তাদের সেবাগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে চীনে মুদ্রা এবং তাম্র বাণিজ্যের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং সাংহাইয়ের শেয়ার বাজার এবং অর্থবাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি।
চীনের বৃহত্তম ফিক্সড লাইন টেলিযোগাযোগ পরিচালনাকারী প্রতিষ্ঠান চায়না টেলিকমিউনিকেশনস গ্রুপ বলেছে, “চীনের মূল ভূ-খন্ড থেকে তাইওয়ান অঞ্চলসহ বিভিন্ন এলাকা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ পর্যন্ত তাদের সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে।”
বেইজিংয়ের এক কর্মকর্তা বলেছেন, “রাষ্ট্রীয় গোপনীয় ক্ষেত্রগুলোর সংযোগ রক্ষাকারী সমুদ্র তলদেশের কেবল ব্যবস্থা ভেঙে পড়েছে।”
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী প্রধান ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পটি তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১২ টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৬ মিনিটে) আঘাত হানে। এতে দুজন মারা যায়।
জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি কেডিডিআই করপোরেশন বলেছে, জাপান থেকে তাইওয়ানের ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল লাইন এশিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছেছে সেটিরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
হংকংয়ের প্রধান ফিক্সড লাইন সরবরাহকারী প্রতিষ্ঠান পিসিসিডব্লিউ বলেছে, সমুদ্রের তলদেশে স্থাপিত বেশকিছু কেবল ব্যবস্থা ভেঙে পড়ায় “তথ্য স্থানান্তরের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।”
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ফোন কোম্পানি সিংটেল এবং তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী স্টারহাব লিমিটেড বলেছে, ইন্টারনেটের ধীরগতির কারণে গ্রাহকরা সমস্যায় পড়েছেন।
সিংটেল জানিয়েছে, এক্ষেত্রে ইন্টারনেটের তথ্য সরবরাহের পথ পরিবর্তন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত লাইনের সংস্কারের কাজে অগ্রগতি হয়েছে। “সাবমেরিনের কেবলের মাধ্যমে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংযোগ ব্যবস্থা তা ক্ষতিগ্রস্ত হয়নি” বলে সিংটেল জানায়।
