২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরার পুলিশ স্টেশন গুঁড়িয়ে দিয়েছ ব্রিটিশ বাহিনী, নিহত ৭

বসরার পুলিশ স্টেশন গুঁড়িয়ে দিয়েছে ব্রিটিশ সেনারা। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে সাত জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তাদের অভিযোগ, স্টেশনটি ‘অপরাধীদের আখড়ায়’ পরিণত হয়েছিল।

ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ট্যান ডানলপ সোমবার জানান, আটক বন্দিদের মেরে ফেলা হবে এমন খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। তাতে অংশ নেয় প্রায় এক হাজায় সেনা। বন্দিদের সরিয়ে স্টেশন ভবনটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এর পর আর কোনো অপরাধী যেন ভবনটি ব্যবহার করতে না পারে সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি জানান।

ক্যাপ্টেন ডানলপ জানান, মোট ৭৩ জন বন্দিকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে তাদের অন্য একটি স্টেশনে নিয়ে যায় সেনারা। তাদের অনেকের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। নির্যাতনের কারণেই এসব জখম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ওই স্টেশনের পুলিশরা আইন-শৃঙ্খলা রক্ষার চেয়ে আইন হাতে নেয়ায় সিদ্ধহস্ত ছিল। এছাড়া তারা বহুজাতিক বাহিনীর ওপর হামলা ও বেশ কয়েকটি অপহরণের সঙ্গেও জড়িত হয়ে পড়ে।

ব্রিটিশ বাহিনীর আরেক মুখপাত্র মেজর শার্লি বার্বিজ জানান, অনেকদিন থেকেই ইরাকি পুলিশের ওই ইউনিটটিকে বন্ধ করে দেওয়ার চিন্তা করা হচ্ছিল। রোববার খবর আসে সেখানে বন্দি অনেককে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। ওই খবরের পরই অভিযানে নামে ব্রিটিশ সেনারা। তাদের সঙ্গে ইরাকি সেনারাও ছিল। সেনারা ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যখন স্টেশনের সামনে যায় তখন ভেতর থেকে রকেট চালিত গ্রেনেড ছোড়া হয়। তখন সেনারাও পাল্টা মেশিনগানের গুলি চালায়। এতে নিহত হয় সাত বন্দুকধারী। পরে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয় স্টেশনটি।

টিভির ছবিতে দেখা যায়, দ্বিতল ভবনটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরার বৃহত্তম পুলিশ স্টেশন ছিল এটি।