মোগাদিসু বিমানবন্দরে গোলাবর্ষণ
মোগাদিসু বিমানবন্দরে সোমবার গোলাবর্ষণ করেছে ইথিওপিয়ার যুদ্ধবিমান। এতে এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম আদন টেলিফোনে রয়টার্সকে বলেন, “ইথিওপিয়ার যুদ্ধবিমানের হামলায় বিমানবন্দরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, একজন আহতও হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় বাসিন্দা আবুল ফাতাহ জানান, যুদ্ধ বিমানগুলো অন্তত দু’দফা বোমা হামলা চালায়। বিমানবন্দরের কর্মী ওমর মোহাম্মদ বলেন, “আমরা কাছে ব্যস্ত ছিলাম। হঠাৎ যুদ্ধবিমানের শব্দ পাই। এর পরই বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে যায়। সবাই তখন প্রাণভয়ে ছোটাছুটি করছিলাম। ফলে কোথায় বোমা আঘাত হেনেছে তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এক নারী আহত হয়েছে।”
রোববারও ইসলামী কোর্ট নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ইথিওপিয়া বিমান হামলা চালায়।
এদিকে অন্তবর্তী সরকার সোমালিয়ার সব সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। সরকারের মুখপাত্র আবদুর রহমান দিনারি বলেন, “আমরা স্থল, নৌ ও বিমান-সব পথ বন্ধ করার ঘোষণা দিচ্ছি এবং এক্ষেত্রে আমাদের সহায়তার জন্য প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তবে অন্তর্বর্তী সরকার প্রায় কোনঠাসা অবস্থানে রয়েছে। প্রায় সব এলাকার নিয়ন্ত্রণ ইসলামপন্থী গেরিলাদের হাতে। বাইয়োদার একটি এলাকায় সরকার তার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আর গেরিলারা তাদের ঘিরে রেখেছে।
