যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছি: ইথিওপীয় প্রধানমন্ত্রী
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওয়ি বলেছেন, সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গিদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করতে সেখানে যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে তার দেশ। সোমালিয়াতে ইথিওপীয় বিমান হামলা চালানোর পর রোববার একথা বলেন তিনি ।
প্রধানমন্ত্রী বলেন, “নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং ‘ইসলামি কোর্ট’ সন্ত্রাসবাদী ও তাদের সহযোগী ইথিওপিয়া-বিরোধী শক্তির নৃশংস হামলা রুখে দিতে সোমালিয়ায় যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী।”
মেলেস জেনাওয়ি বলেন, অভিযান শেষ হয়ে গেলেই যতো দ্রুত সম্ভব সোমলিয়া থেকে ফিরে আসবে তার বাহিনী। ইথিওপিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।
ইথিওপিয়ার সরকারি কর্মকর্তারা আরো বলেন, ‘সোমালিয়া ইসলামিক কোর্টস কাউন্সিল’ একটি সন্ত্রাসবাদী শক্তি এবং ইথিওপিয়ার শত্রু-ইরিত্রিয়া তাদেরকে সহায়তা দিচ্ছে।
সোমালিয়ার জঙ্গিদের বিরুদ্ধে সেখানকার অন্তর্বর্তী সরকারকে বহুদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসলেও ইথিওপীয় সরকারের কাছ থেকে এটাই প্রথম প্রকাশ্য ঘোষণা। রোবাবার সোমলিয়ার কয়েকটি অঞ্চলে বিমান থেকে বোমা বর্ষণ করে এবং ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইথিওপীয় বাহিনী। বর্তমানে সোমালিয়ার অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রিত বাইদোয়া শহরটি ছাড়া অধিকাংশ সোমালিয়া নিয়ন্ত্রণ করছে ইসলামপন্থী জঙ্গি এবং তাদের সহযোগীরা।
