ইন্দোনেশিয়ায় বন্যায় ২২ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রোববার পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো ছয় জন।
বন্যায় হাজার হাজার লোক গৃহহারা হয়ে পড়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রুস্তম পাকায়া জানান।
আচেহ এবং উত্তর সুমাত্রা থেকে এখনো ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রবল বৃষ্টিপাতের ফলে এসব অঞ্চলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কর্মকর্তারা জানান, আচেহ-র তামিয়াং শহরে পানির তোড়ে ১২ জন ভেসে যায়। আর উত্তর সুমাত্রার লাংকাটে মারা যায় ১০ জন। সেখানে গৃহহীন ছয় হাজার লোক এখন ঘর ছেড়ে উঁচু ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। সরকারি কর্মকর্তা স্যাম সুমার্নো বলেন, অতিবৃষ্টির ফলেই এ বন্যা দেখা দিয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলে তিনি জানান। গত শুক্রবার থেকেই ওই অঞ্চলে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে।
আচেহ প্রদেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। বন্যার পাশাপাশি ভূমিধ্বসেরও আশঙ্কায় রয়েছে এলাকার লোকজন।
প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়ায়ও ভয়াবহ বন্যায় এক লাখের বেশি লোক ঘর ছাড়া হয়েছে।
