নিষেধাজ্ঞা আরোপ ইরান সমস্যার সমাধান নয়: চীন
ইরানের পরমাণু ইস্যুতে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়ে চীন বলেছে, নিষেধাজ্ঞা সংকট সমাধানের পথ হতে পারে না। ইরানের ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ মন্তব্য করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুই জিয়ানচাও বলেন, “ইরান ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত। তবে দেশটির ওপর কোনধরনের নিষেধাজ্ঞা আরোপ জাতিসংঘ প্রস্তাবের লক্ষ্য হতে পারে না এবং ‘নিষেধাজ্ঞা’ পরমাণু সমস্যার স্থায়ী সমাধান বয়ে আনবে না বলেই আমাদের বিশ্বাস ।”
তিনি বলেন, ইরান ইস্যুতে দ্রুত পুনরায় আলোচনা শুরু এবং সর্বাত্মক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী, কার্যকরী সমাধানে পৌঁছানোর জন্য সব পক্ষকে আহ্বান জানাচ্ছে চীন।
মুখপাত্র বলেন, রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতাকে উর্ধ্বে স্থান দিয়ে আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় চীন।
