২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে শনিবার সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা আরোপ করলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের সব ধরনের স্পর্শকাতর পারমাণবিক উপাদান ও প্রযুক্তি আমদানি- রপ্তানির উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পাশাপাশি পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন দেশে ইরানের ১০টি প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেয় নিরাপত্তা পরিষদ। তবে এ নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে ইরান বলেছে এটি তাদের ‘শান্তিপূর্ণ’ পারমাণবিক কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না।

জাতিসংঘ সনদের অধ্যায়-৭, অনুচ্ছেদ ৪১ অনুসারে এ নিষেধাজ্ঞা প্রস্তাবটি আনা হয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হেভি ওয়াটার রিএ্যাক্টর ও মহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কিত সব ধরনের স্পর্শকাতর দ্রব্যাদি ও প্রযুক্তির আমদানি রপ্তানি নিষিদ্ধ এবং এসব পুনর্জাতকরণ বন্ধ করার কথা বলা হয়েছে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায়।

প্রস্তাবটিতে ইরানের ওপর ব্যাপক চাপপ্রয়োগের সুযোগ থাকলেও সব রকমের পদক্ষেপকে বেসামরিক কার্যক্রমের মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। রাশিয়া প্রস্তাবের এ অংশটির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে।

নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনসহ সব সদস্যের পূর্ণ সমর্থনে ১৫-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়।

নিষেধাজ্ঞা আরোপের পরপরই তেহরানে সরকারি টিভিতে প্রচারিত এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসাইনি বলেছেন, “এ নিষেধাজ্ঞা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোন বিরূপ প্রভাব ফেলতে পারবে না। কিন্তু এ সিদ্ধান্তে নিরাপত্তা পরিষদের ভাবমূর্তি কলুষিত হল।”