গাজায় নিরাপত্তা কর্মকর্তা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আরো তিন জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশপরা একদল বন্দুকধারী নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। তাদের গুলিতে ঘটনাস্থলেই এক জন প্রাণ হারান। আহত হাসান জারবো নামে অপর এক নিরাপত্তা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকধারীদের গুলিতে সাত বছরের এক শিশু ও এক পথচারীও আহত হয়।
হামলাকারীদের গ্রেফতারে নিরাপত্তা রক্ষীরা অভিযান চালিয়ে যাচ্ছে। ইউসুফ আবু সায়েম নামে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “এ ঘটনাগুলোর অবসান ঘটানো দরকার। আমি জানি কারা গুলি চালিয়েছে, তবে এ মুহূর্তে পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না।”
