২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা কাটছে, সচল হওয়ার অপেক্ষায় হিথরো

ঘন কুয়াশায় মারাত্মক বিমান জট আর হাজার হাজার যাত্রীর দুর্ভোগ অবসানের আশা করছে লন্ডনের হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আবহাওয়ার কিছুটা উন্নতির পর শনিবার অধিকাংশ ফ্লাইটের যাত্রা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।

সংস্থার পরিচালক জিওফ ওয়ান্ট জানান, “বড়দিনের ফ্লাইট পরিকল্পনা অনুসারে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি আমরা।” আটকে পড়া যাত্রীরা যাতে বড়দিনের আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন স্টেশন থেকে এয়ারলাইন্স স্টাফদের হিথরোতে ডেকে আনা হয়েছে বলেও জানান তিনি।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র জানায়, শনিবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, অবস্থার উন্নতি হতে থাকলে যাত্রীদের সুবিধার্থে বড় বিমানে বেশ কিছু অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

তবে শনিবার দুপুর পর্যন্ত কোন অভ্যন্তরীন ফ্লাইট হিথরোতে আসছে না বা সেখান থেকে ছেড়ে যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। লন্ডন থেকে প্যারিস এবং ব্রাসেলস-এ কিংবা সেখান থেকে লন্ডনের সব নির্ধারিত ফ্লাইটও বন্ধ থাকছে রবিবার পর্যন্ত।

হিথরোয় আসার কথা ছিল এমন ৩৫০টি ফ্লাইট ঘন কুয়াশার কারণে বাতিল করা হয় বৃহষ্পতিবার। অবস্থা অপরিবর্তিত থাকায় হিথরো থেকে ছাড়ার কথা ছিল এমন কয়েকশ’ ফ্লাইটও বাতিল করা হয় গত দু’দিনে। বড়দিনের ছুটি কাটাতে ঘরমুখো বিভিন্ন দেশের হাজার হাজার যাত্রী ঘন কুয়াশার দুর্বিপাকে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে হিথরোতে।