২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে জাতিসংঘ রক্ষীদের অভিযানে নিহত ৯

হাইতির সর্ববৃহৎ বস্তিতে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর অভিযানে শুক্রবার কমপক্ষে নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহতের সংখ্যা আরো বেশি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট আ প্রিন্সের বোয়া নেফ জেলার সোলেইল এলাকায় একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রায় চারশ’ জাতিসংঘ রক্ষী অভিযান চালায়। বেলোনি নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই বাহিনী অপহরণসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সরকারের অভিযোগ।

রয়টার্সের আলোকচিত্রী ঘটনাস্থলে নয়টি মৃতদেহ দেখেছেন বলে জানান। বিভিন্ন দাতব্য সংস্থার কর্মীরা জানিয়েছেন, আহতের সংখ্যা অন্তত ৩০।

জনি ক্লেয়ারসিডর নামে এক বস্তিবাসী জানান, “বিদেশি সেনারা এসেই নির্বিচারে গুলি শুরু করে। জবাবে বেলোনি বাহিনীও পাল্টা গুলি চালায়।” তিনি ১০টি মৃতদেহ দেখেছেন বলে জানান।

জাতিসংঘ বাহিনীর মুখপাত্র সোফি ডি লা কম্ব জানিয়েছেন, অভিযানে জাতিসংঘ রক্ষীদের কেই হতাহত হয়নি। তবে দস্যুদলের ঠিক কত জন হতাহত হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

হাইতির পুলিশ প্রধান জাঁ সেইন্ট ফ্লিওর বলেন,“দস্যু দলের উৎপাত বেড়ে যাওয়ায় পুলিশের সহায়তায় জাতিসংঘ শান্তিরক্ষীরা ওই অভিযান চালায়। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে বস্তিবাসী রোজ মার্টেল বলেন, “জাতিসংঘ বাহিনী পুরো এলাকা সন্ত্রস্ত করে তোলে।”

তাদের গুলিতে নিহতরা দস্যু কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “তারা (জাতিসংঘ বাহিনী ও পুলিশ) তো আমাদের সবাইকেই ডাকাত মনে করে।”