২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি দীর্ঘকাল থাকবে: গেটস

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি দীর্ঘকাল থাকবে। এ কথা সাফ জানিয়ে দিলেন সে দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শুক্রবার বাগদাদে সাংবাদিকদের তিনি বলেন, “পারস্য উপসাগরে নৌ শক্তি বৃদ্ধির বিষয়টি শুধু ইরানের পরমাণু কর্মসূচির পাল্টা জবাব নয়, বরং ওই অঞ্চলে আমরা যে দীর্ঘদিন থাকবে সেটা বুঝিয়ে দেওয়া।”

প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি দীর্ঘদিন ধরে আছে এবং আরো দীর্ঘকাল থাকবে। এটা সবার মনে রাখা উচিত। বন্ধু রাষ্ট্র কিংবা যারা আমাদের শত্রু মনে করে উভয়ের কাছেই এ বার্তা আমি পৌঁছে দিতে চাই।”

কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌশক্তি বাড়ানো হচ্ছে বলেও স্বীকার করেন রবার্ট গেটস। তবে ওই অঞ্চলে আরো একটি রণতরী পাঠানোর বিষয়ে তিনি তার অজ্ঞতা প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ কয়েক দিন আগে ওই অঞ্চলে আরো একটি বিমানবাহী রণতরী পাঠানোর জন্য পেন্টাগনের কাছে আর্জি জানায়। সোমবার সিবিএস টিভি জানায়, ইরানের পরমাণু কর্মসূচি না ছাড়ার হুমকির পরিপ্রেক্ষিতেই নৌশক্তি বৃদ্ধি করা হচ্ছে।