ব্রিটেনে ৫ তরুণী হত্যাকান্ডে স্টিভেন রাইটের বিরুদ্ধে চার্জ গঠন
সিরিয়াল কিলার সন্দেহে ব্রিটেনের চাঞ্চল্যকর ৫ তরুণী যৌনকর্মী হত্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে ইপসউইচের স্টিভেন রাইটের বিরুদ্ধে। একজন সরকারি আইনজীবির উপস্থিতিতে সাফোকের পুলিশ কর্মকর্তারা বৃহষ্পতিবার সংবাদ সম্মেলনে একথা জানান।
সাফোক পুলিশের সুপারিনটেন্ডেন্ট সটুয়ার্ট গাল জানান, “ওই পাঁচ তরুণী হত্যার সবকটি ঘটনার জন্যই চার্জ গঠন করা হয়েছে ইপসউইচের স্টিভেন রাইটের বিরুদ্ধে।”
সাফোক প্রসেকিউশন সার্ভিসের সিনিয়র আইনজীবি মাইকেল ক্রিম্প জানিয়েছেন রাইটকে শুক্রবার ইপসউইচের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তিনি বলেন, “প্রচুর তথ্য প্রমাণ থাকায় আমরা সিদ্ধান্ত নিই যে যে, ৫টি হত্যাকান্ডের জন্যই রাইটের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।”
মঙ্গলবার ৪৮ বছর বয়সী স্টিভেন রাইটকে আটক করে পুলিশ। তাকে ট্রাক ড্রাইভার হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ মিডিয়া।
এর আগে সোমবার ৩৭ বছর বয়সী সুপারমার্কেট কর্মী টম স্টিফেনস নামে আরেক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। তদন্তের পর তাকে জামিনে মুক্তি দেয় পুলিশ।
সাফোকের ইপসউইচে চাঞ্চল্যকর ওই হত্যাকান্ডে নিহত হয় জেমা এডামস, টানিয়া নিকোল, এনেলি এলডারটন, পলা ক্লেনেল ও এনেট নিকোলস। ডিসেম্বরের ২ তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে ইপসউইচের আশপাশের বিভিন্ন এলকায় এদের সবার নগ্ন মৃতদেহ পাওয়া যায়। যৌনকর্মী এ তরুণীদের সবাই মাদকাসক্ত ছিল।
