২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাদিথা হত্যাকাণ্ডে ৪ মার্কিন সেনা অভিযুক্ত

ইরাকের হাদিথা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের চার মেরিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবার মার্কিন সেনা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এছাড়া কর্তব্যে অবহেলার জন্য অভিযুক্ত করা হয় আরো চারজনকে।

হাদিথায় ২০০৫ সালের ১৯ নভেম্বর মার্কিন সেনা অভিযানে ২৪ জন বেসামরিক লোক মারা যায়। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ওই হত্যাকাণ্ডকে ‘মারাত্মক অপরাধ’ হিসেবে বর্ণনা করেন। ওই ঘটনায় সারাবিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়।

ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডেলটনে এ রায় ঘোষণার পর মার্কিন মেরিন বাহিনীর কর্নেল স্টুয়ার্ট নাভারি বলেন, “সেনাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এতই বেশি যে অন্য তাদের মধ্যে কেউ ভুল করেছে এটা স্বীকার করাও তাদের জন্য কষ্টকর।”

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফোরণে ল্যান্স কর্পোরাল মিগুয়েল তেরাজাসের শরীরের অর্ধাংশ উড়ে যাওয়ায় বিক্ষুব্ধ সেনারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।

ঘটনার পরদিন মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছিল, রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১৫ ইরাকি মারা গেছে। আর মার্কিন সেনা ও ইরাকি সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় আট বিদ্রোহী। তবে নাভারি বলেন, “আমরা এখন বুঝতে পারছি এ কথাটা ছিল ভুল।”

হত্যাকাণ্ডে অভিযুক্ত মেরিন সেনারা হচ্ছেন, স্টাফ সার্জেন্ট ফ্রাঙ্ক উটেরিচ, সার্জেন্ট সানিক দেলা ক্রুজ, ল্যান্স কর্পোরাল জাস্টিন শ্যারট ও ল্যান্স কর্পোরাল স্টিফেন টাটুম। বাকি চার সেনার বিরুদ্ধে অভিযোগ, তারা ওই ঘটনার যথাযথ রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন।

এদিকে উটেরিচ নিরীহ ইরাকিদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলে তার আইনজীবী নীল পুকেট সাংবাদিকদের জানান।

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক জন সিফটন এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, “সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে চায়, তাহলে যুদ্ধাপরাধের বিষয়গুলো আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

এ বছরের শুরুতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, নিরীহ ইরাকিদের হত্যায় কোনো মার্কিন সেনা জড়িত থাকলে অবশ্যই তার বিচার করা হবে।