তুষারঝড়ে অচল কলোরাডো, জরুরী অবস্থা ঘোষণা
ভয়াবহ তুষারঝড়ে থমকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বড় শহরগুলোর ব্যস্ত জীবন। বন্ধ হয়ে গেছে বিমান, রেল ও বাস চলাচলসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। কলোরাডোয় বৃহষ্পতিবার দুর্যোগকালীন জরুরী অবস্থা ঘোষণা করেছেন গর্ভনর বিল ওউয়েনস।
তুষার ঝড়ে অচল হয়ে পড়া ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আটকা পড়েন প্রায় ৪ হাজার ৭০০ বিমানযাত্রী, বিমান বন্দর মুখপাত্র স্টিভ সিন্ডার একথা জানান। এছাড়া, বিমানের ১ হাজারেও বেশি ফ্লাইট শুক্রবার দুপুর পর্যন্ত বাতিল বা স্থগিত করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পর্যন্ত কলোরাডোর বেশিরভাগ শহরই ঢাকা ছিল ৩০ ইঞ্চি গভীর বরফের চাদরে। রাস্তাঘাট ঘন বরফে ঢাকা পড়ায় যান চলাচল করতে পারছেনা। শহরের বাসিন্দারা কাজ-কর্ম ফেলে বাসায় অবস্থান করছেন।
তুষারঝড়ে কোন কোন এলাকা চার ফুট বরফে ঢাকা পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে যায়।
ডেনভার-নেব্রাস্কা, ডেনভার-কানসাস সীমান্ত এরকম গুরুত্বপূর্ণ, বড় বড় আন্ত:শহর মহাসড়কগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বন্ধ হয়ে গেছে।
এদিকে,ডেনভারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় আটকে পড়া শত শত গাড়ীচালককে নিরাপদে ফিরিয়ে আনতে ন্যাশনাল গার্ড বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে।
