তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিয়াজোভ মারা গেছেন
তুর্কমেনিস্তানের ‘আজীবন’ প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজোভ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ভোররাতে হার্ট ফেইলিওরে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী এই নেতার।
সাবেক সোভিয়েত ইউনিয়নে দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী ছিল তুর্কমেনিস্তান। মস্কোর কাছ থেকে সার্বভৌমত্ব অর্জনের আগে, ১৯৮৫ সাল থেকেই নিয়াজোভ তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কোনো ধরনের ভিন্নমত সহ্য করতে পারতেন না এই একনায়ক। মধ্য এশিয়ার দেশটি জুড়ে অসংখ্য প্রতিকৃতি ও মূর্তি স্থাপনের মাধ্যমে তিনি নিজের বিশেষ ভাবমূর্তি সৃষ্টি করার চেষ্টা চালান। নিজেকে ‘তুর্কমেনবাসীর পিতা’ ঘোষণা করেন।
সরকারি ঘোষণায় বলা হয়েছে প্রেসিডেন্ট নিয়াজোভের মৃত্যুর পরও তার প্রদর্শিত ও পরিচালিত শাসনব্যবস্থা বহাল থাকবে তুর্কমেনিস্তানে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক বিধিমালা এবং সম্পাদিত চুক্তিগুলো মেনে চলবে সরকার।
২৪শে ডিসেম্বর রোববার তার দাফন অনুষ্ঠিত হবে ।
