২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্নভাবে সরকার চালানোর ইঙ্গিত দিলেন রাউল

ভাই ফিদেল ক্যাস্ত্রোর চেয়ে ভিন্নভাবে সরকার পরিচালনার ইঙ্গিত দিয়েছেন কিউবার অন্তর্বর্তীকালীন শাসক রাউল ক্যাস্ত্রো। দেশের নীতি নির্ধারণের ব্যাপারে বুধবার তিনি জনগণের প্রতি বৃহত্তর বিতর্কে অংশ নেওয়ার আহবান জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রাজধানী হাভানায় ছাত্রদের এক সমাবেশে তিনি বলেন, ‘ভিন্নমত শব্দটি নিয়ে কখনো-কখনো জনগণ ভয়ের মধ্যে থাকে। কিন্তু আমি মনে করি যত বেশি বিতর্ক হবে, যত বেশি ভিন্নমত প্রকাশ পাবে, তত বেশি ভাল সিদ্ধান্ত নেওয়ার পথ খুলে যাবে।”

রাউল বলেন, তিনি অনেক বেশি দায়-দায়িত্ব সামাল দিচ্ছেন কিন্তু ভাইয়ের চেয়ে কম কথা বলছেন। সহকর্মীদের সঙ্গে আরো বেশি আলাপ-আলোচনার মাধ্যমে ১ কোটি দশ লাখ লোকের দেশ কিউবার শাসনকাজ পরিচালনা করছেন।

ছাত্রদের উদ্দেশে এই বক্তৃতার সময় তিনি ফিদেল ক্যাস্ত্রোর শারিরীক অবস্থা নিয়ে কোন কথা বলেননি।

।

ক্ষুদ্রান্তে অস্ত্রোপচারের কারনে এ বছর ৩১ জুলাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন ৮০ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রো। ১৯৫৯ সালের বিপ্লবের পর এই প্রথম ক্ষমতা থেকে সাময়িকভাবে হলেও তিনি সরে দাঁড়ালেন।

ফিদেলের অনুপস্থিতি একধরনের অনিশ্চয়তার জন্ম দিয়েছে পশ্চিম গোলার্ধের একমাত্র কমিউনিস্ট দেশ কিউবায়। ৭৫ বছর বয়সী রাউল বলেন, ক্যাস্ত্রো উপস্থিত থাকুক বা না থাকুক, কিউবার একদলীয় রাজনৈতিক শাসনব্যবস্থা অব্যাহত থাকবে।

ভাইয়ের প্রশংসা করে তিনি বলেন, “ফিদেল হচ্ছে তুলনাহীন। আমি তাকে অনুকরণ করতে চাইনা। কেউ তাকে অনুকরণ করতে চাইলে ব্যর্থ হবেন।”