গুয়ানতানামো কারাগারের সাবেক ১১ বন্দিকে মুক্তি দিয়েছে সৌদি আরব
গুয়ানতানামো কারাগারের সাবেক ১১ বন্দি সৌদি আরবে কারাদণ্ড ভোগের পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। কিউবার নৌসীমায় গুয়ানতানামো কারাগারে আটক ওই বন্দিদেরসহ ২৮ জন সৌদিকে যুক্তরাষ্ট্র এ বছরই দেশে ফেরত পাঠিয়েছে।
রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, “অভিযুক্তদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাকিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও পর্যালোচনা করে দেখা হবে।”
এ মাসের প্রথমদিকে গুয়ানতানামো কারাগার থেকে ১৬ সৌদি দেশে ফিরে আসেন। ওই কারাগারে আটক সেদেশের অন্য নাগরিকদেরও দেশে ফেরত আনা হবে বলে সরকার জানায়। তবে সেখানে কতজন সৌদি আটক আছে সরকার তা জানায়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান শুরু করে এবং দেশটি থেকে অনেককে গুয়ানতানামো কারাগারে নিয়ে আসা হয়। এদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই বছরের পর বছর ধরে সেখানে আটক রাখা হয়েছে।
