উ. কোরিয়া আলোচনায় ‘নতুনভাবে মতৈক্যের’ দাবি করেছে চীন
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে ছয় জাতি আলোচনায় ‘নতুনভাবে মতৈক্যে’ পৌঁছানোর দাবি করেছে চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিং বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেন, “২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর গৃহীত যৌথ বিবৃতি বাস্তবায়নে সবকটি পক্ষ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা আবারও বলেছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরীয় উপদ্বীপে সৃষ্ট পরমাণু সঙ্কট সমাধান করা হবে। কোরীয় উপদ্বীপকে পরমাণু শক্তিমুক্ত রাখার লক্ষ্য বাস্তবায়নে তারা নিজেদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে।”
ওই বিবৃতিতে উত্তর কোরিয়া বাকি পাঁচটি দেশের কাছ থেকে সাহায্য ও নিরাপত্তা লাভের প্রতিশ্রুতির বিনিময়ে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল।
এরপর দেশটি পরমাণু পরীক্ষা চালালেও এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে আলোচনায় বসার কথা জানায় দেশটি। তবে সোমবার দেওয়া ওই প্রস্তাবের বিপরীতে উত্তর কোরিয়া অনেকগুলো দাবি জানিয়ে বসে। দেশটি জানায়, পরমাণু কর্মসূচি বন্ধের আগে তাদের সব দাবি মেনে নিতে হবে।
পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে রাজি করাতে বাকি যে দেশগুলো চেষ্টা করছে তারা হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
