২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি বন্ধে ইসরায়েলকে চাপ দিন: জাতিসংঘকে ইরান

পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এ লক্ষ্যে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জাভেদ জারিফ।

ইরানের চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘকে আনুষ্ঠানিক বৈঠকে বসার আহ্বান জানানো হয়।

‘ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে’-সম্প্রতি জার্মান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের স্বীকারোক্তির পরপরই ইরান এ উদ্যোগ নিল।

ওলমার্টের স্বীকারোক্তির পর আরব দেশগুলো পশ্চিমাদের পক্ষপাতদুষ্টতার সমালোচনায় ফেটে পড়ে। তাদের অভিযোগ, ইরানের নিরস্ত্রীকরণে কঠোর পদক্ষেপের তোড়জোড় চললেও ইসরায়েলের ব্যাপারে তাদের কোনো উচ্চবাচ্য নেই।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান হ্যান্স ব্লিস্ক গত জুন মাসে ইসরায়েলের কাছে অন্তত ২০০ পরমাণু অস্ত্র থাকার সম্ভাবনার কথা প্রকাশ করার পর থেকে এ নিয়ে বিতর্ক ওঠে।

তবে নিজেদের কাছে পরমাণু অস্ত্র থাকার কথা ইসরায়েল এর আগে কখনই স্বীকার করেনি। তারা এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনটিপি) স্বাক্ষরও করেনি।

ইসরায়েলের পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এনটিপি স্বাক্ষরে দেশটিকে বাধ্য করার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইরান।