২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ২৩ স্কুলশিশু অপহরণ

শ্রীলংকার যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চল থেকে মঙ্গলবার ২৩ স্কুলশিশুকে অপহরণ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আমপারা জেলার ভিনায়াগাপুরমের একটি নৈশবিদ্যালয় থেকে ২ শিক্ষকসহ ওই শিশুদের অপহরণ করা হয়। অপহৃত ছাত্রছাত্রীদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। পুলিশ কর্মকর্তারা একথা জানান।

এ ঘটনার জন্য তামিল টাইগারদের দায়ী করেছে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কমান্ডো জানান, ১৮ জন ছাত্রী, ৫ ছাত্র এবং ২ শিক্ষককে অপহরণ করা হয়েছে।

শ্রীলংকার যুদ্ধবিরতি পর্যবেক্ষকরা বলেছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। যেখান থেকে স্কুলশিশুদের অপহরণ করা হয়েছে সে এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এবং সেখানে বেশ কিছু সেনা চেকপোস্টও রয়েছে।

এ ঘটনার দায়িত্ব সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি দি লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)। টাইগারদের সামরিক মুখপাত্র রাসিয়াহ ইলানথিরাইয়ান বলেছেন, “ঘটনাটি তদন্ত করে দেখছি আমরা। আমাদের কোনো সদস্য ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”