গত বছর ইরাকে আত্মহত্যা করেছে ২২ মার্কিন সেনা
আগের বছরের চেয়ে গত বছর ইরাকে মার্কিন সেনার আত্মহত্যা বেড়েছে দ্বিগুন। ২২ সেনা নিজেই নিজের জীবন কেড়ে নিয়েছে।
বছরের শেষ দিকে করা জরিপে জানা গেছে, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ১৩ দশমিক ৬ শতাংশ তীব্র মানসিক চাপে ভুগছে। আর তীব্র মানসিক চাপের সঙ্গে অবসাদ ও দুশ্চিন্তায় ভুগছে ১৬ দশমিক ৫ শতাংশ।
আত্মহত্যার এই পরিসংখ্যান শুধু ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সদস্যদের। মেরিন সেনা কিংবা অন্য বাহিনীর সদস্যদের এই হিসাবের মধ্যে আনা হয়নি।
মার্কিন সেনাবাহিনীর চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা গত মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছেন, ২০০৫ সালে ইরাকে প্রতি এক লাখ সেনার মধ্যে আত্মহত্যা করেছে ১৯ দশমিক ৯ জন। ২০০৪ সালে এই হার ছিল প্রতি লাখে ১০ দশমিক ৫ জন। ইরাকে মার্কিন অভিযান শুরুর বছর–২০০৩ সালে আত্মহত্যা করে প্রতিলাখে ১৮ দশমিক ৮ জন।
মার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল লে. জেনারেল কেভিন কিলেই এই পরিসংখ্যান নিয়ে হৈচৈ বাধিয়ে না দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আত্মহত্যার হার বছর বছর ওঠানামা করে। তিনি যোগ করেন, “সেনাদের মানসিক চাপের সঙ্গে আত্মহত্যার সংখ্যা বাড়ার সম্পর্ক আছে কি না সেটা নিয়ে আমরা কোন গবেষণা করিনি।”
