২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার পরমাণু বিষয়ে ফের ছয়জাতি আলোচনা

এক বছরের বেশি সময় ধরে স্থগিত থাকার পর উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে ‘ছয়জাতি আলোচনা’ সোমবার পুনরায় শুরু হয়েছে বেইজিংয়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ছয়জাতি আলোচনা থেকে বেরিয়ে গিয়ে অক্টোবর মাসে প্রথম পরমাণু পরীক্ষা চালানোর পর তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে দেশটি।

উত্তর কোরিয়াকে চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক সংকোচন নীতির কারণে ‘ছয়জাতি আলোচনা’ থেকে বেরিয়ে গিয়েছিল উ.কোরিয়া। অন্যদিকে পরমাণু পরীক্ষার পর দীর্ঘদিনের মিত্র এবং অন্যতম সাহায্যদাতা চীনও ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির ওপর। বিশ্লেষকরা বলছেন সংকট নিরসনের ক্ষেত্রে মার্কিন মনোভাবই এখন সবচেয়ে বেশী প্রভাব ফেলবে আলোচনার টেবিলে।

বেইজিং বৈঠকে যোগ দিতে আসা শীর্ষ মার্কিন প্রতিনিধি ক্রিস্টোফার হিল বলেছেন, “এখন পিয়ং ইয়ংয়ের কিছু করার সময়। সংকট নিরসনে ২০০৫ সালের সেপ্টেম্বরের যৌথ ঘোষণা বাস্তবায়নে কাজ করতে পারে তারা। ওই ঘোষণায় নিরাপত্তা ও সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছিল উত্তর কোরিয়া।”

তিনি বলেন, “উত্তর কোরিয়া যদি এতে সম্মত না হয় তাহলে অবরোধ এবং আন্তর্জাতিক মহলে একঘরে হওয়া ছাড়া তার সামনে আর কোন বিকল্প নেই।”

মার্কিন অর্থমন্ত্রণালযের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে ‘মুদ্রা-জালিয়াতি ও অর্থ পাচার’ এর অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপপ্রয়োগ নিয়ে আলোচনা করবেন তারা।

মধ্যস্থতাকারীরা বলছেন পরমাণু পরীক্ষা চালানোর পর প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার এ আলোচনায় দেশটি এখন কেমন আচরণ করবে সেটাই দেখার বিষয়।