ব্রিটেনে খুন হওয়া তরুণীর ভিডিও চিত্র প্রকাশ
ব্রিটেনে সম্প্রতি খুন হওয়া পাঁচ যৌনকর্মীর মধ্যে একজনের টেলিভিশন ফুটেজ প্রচার করেছে ব্রিটিশ পুলিশ শনিবার।
ভিডিও চিত্রটি হল আনেলি আল্ডারটনের (২৪)। এতে দেখা যায় আল্ডারটন পূর্ব ইংল্যান্ডের হারউইচ থেকে কলচেস্টারে যাচ্ছেন ট্রেনে করে।
এ চিত্রটি ধারন করা হয়েছে ডিসেম্বরের ৩ তারিখে, তার মৃতদেহ উদ্ধারের এক সপ্তাহ আগে।
ট্রেনের পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়া চিত্রটি আদালতের বিচারকার্যের জন্য এবং মারা যাওয়ার আগে আল্ডারটনের চলাফেরা সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে পুলিশ জানিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের প্রধান সুপারিন্টেন্ডেন্ট স্টুয়ার্ট গাল ছবিটি ভালভাবে লক্ষ্য করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি ৩রা ডিসেম্বরের বিকেলের পর আনেলিকে দেখে থাকেন তাহলে আমরা তার সাথে কথা বলব।”
পর-পর এ হত্যাকান্ডের ঘটনা ‘রিপার’ এর ঘটনার কথাই মনে করিয়ে দিচ্ছে। উনিশ শতকে ‘জ্যাক দ্য রিপার’ নামে এক দুর্ধর্ষ হত্যাকারী ছিল। সে ১৮৮৮ সালে পূর্ব লন্ডনে পাঁচ যৌনকর্মীকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু তা প্রমাণ করার জন্য রিপারকে কখনও খুঁজে পাওয়া যায়নি। ব্রিটেনের ইতিহাসে আরেক কুখ্যাত খুনী হচ্ছে ‘ইয়র্কশায়ার রিপার’ নামে কুখ্যাতি পাওয়া পিটার সাটক্লিফ। ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে সে উত্তর ইংল্যান্ডে খুন করে ১৩ জন মহিলাকে যাদের অধিকাংশই ছিলেন যৌনকর্মী।
এদিকে দুই সপ্তাহেরও কম সময়ে পাঁচটি মৃতদেহ উদ্ধারের পর পুলিশ নিরাপত্তার কথা বিবেচনা করে যৌনকর্মীদের রাস্তায় দাঁড়িয়ে না থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানছেনা।
এ হত্যাকান্ডের তদন্তে প্রায় ৩৫০ জন কর্মকর্তা কাজ করছেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
প্রসঙ্গত ডিসেম্বরের ২ তারিখে ইপসউইচের একটি জলাশয়ের ভেতর সর্বপ্রথম জেমা এ্যাডামসের (২৫) লাশ পাওয়ার পরই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর একই জলাশয় থেকে ডিসেম্বরের ৮ তারিখে ডুবুরিরা তানিয়া নিকোলের (১৯) লাশ উদ্ধার করে। রোববার আনেলি আল্ডালটনের লাশ উদ্ধার করা হয়। এরপরই আরো দুটি লাশ উদ্ধার করে এবং পুলিশ ধারনা করছিল তা নিখোঁজ দুই যৌনকর্মী পাওলা ক্লেনেল (২৪) ও আনেট নিকোলসের (২৯) হতে পারে। শুক্রবার পুলিশ নিশ্চিত হয়েছে যে পঞ্চম লাশটি ছিল নিকোলসের। পুলিশ আরো জানতে পারে আলডারটন ও পাওলোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
