২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দাম আমলের সেনাদের ইরাকি বাহিনীতে ফিরে আসার আহ্বান

সাদ্দাম আমলের সেনা সদস্যদের পুনরায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ক্রমবর্ধমান সংঘাত অবসানে শনিবার বাগদাদে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নুরি আল মালিকি বলেন, সাবেক সেনা সদস্যদের জন্য ইরাকি বাহিনীর দ্বার খোলা। তবে যারা যোগ দেবেন না, তাদেরও পেনশন থেকে বঞ্চিত করা হবে না।

২০০৩ সালে ইরাক অভিযানের পরপরই ইরাকি সেনাবাহিনীর কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তৎকালীন মার্কিন প্রশাসক পল ব্রেমার। নুরি আল মালিকির নতুন এ ঘোষণা সম্পর্কে ইরাকি কর্মকর্তারা বলেন, বহুজাতিক বাহিনীর কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আগে সেনাবাহিনীকে আরো সক্ষম করে তোলার অংশ হিসেবেই এ ঘোষণা দেওয়া হয়েছে। তাছাড়া সুন্নি দলগুলো দীর্ঘদিন ধরেই এ দাবি জানিয়ে আসছিল।

শনিবারের এ সম্মেলনে সুন্নি গেরিলাদের কয়েকটি গ্রুপের প্রতিনিধিও অংশ নেয় বলে শিয়া নেতারা জানান। প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিভিন্ন দল ও গোষ্ঠির প্রায় দুই শ’ জন অংশ নেয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সাদ্দাম হোসেনের বাথ পার্টির সদস্যরাও এতে অংশ নেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শিয়া নেতা রিদা জাওয়াদ টাক্কি বলেন, “আমি নিশ্চিত কয়েকটি সশস্ত্র গ্রুপের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছে, কিন্তু তারা কারা তা জানতে পারিনি। সংঘাত অবসানে এ সম্মেলনের প্রভাব খুব শিগগিরই পড়বে এমন আশাও করি না।”

সম্মেলনের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন অংশগ্রহণকারী সুন্নি ও কুর্দি নেতারাও।

তবে এক কর্মকর্তা বলেন, সবকিছুর পরও সবাই এক সঙ্গে বসে কথা বলেছেন, সেটা অবশ্যই ইতিবাচক।