আব্বাসের সঙ্গে দেখা করে সমর্থন দিলেন ব্লেয়ার
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করে আগাম নির্বাচনের ইস্যুতে তার প্রতি সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
সোমবার দু’ নেতার বৈঠকের পর ব্লেয়ার বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ আব্বাসকে সমর্থন করা।”
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রোববার ইসরায়েলে পৌঁছান ব্লেয়ার। সেখান থেকে পশ্চিম তীরের রামাল্লায় এসে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। হামাস ও ফাতাহর মধ্যে অস্ত্রবিরতি কার্যকরের পরদিনই এ বৈঠক অনুষ্ঠিত হল।
প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস এবং প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ’র মধ্যে নড়বড়ে অস্ত্রবিরতিকে আরো কার্যকর করতে দুই গ্রুপের মধ্যে সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আব্বাস আগাম নির্বাচন ঘোষণা করায় স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিরোধে জড়িয়ে পড়ে হামাস ও ফাতাহ। অস্ত্রবিরতি ঘোষণার পরও রোববার গাজায় আব্বাসের বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয় হামাসের ২ পুলিশ সদস্য।
একটি ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন করা না হলে ফিলিস্তিনের ওপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবরোধ প্রত্যাহার না করার ঘোষণা দেয়া হয়। কিন্তু এই সরকার গঠনে দফায় দফায় হানিয়া-আব্বাস আলোচনা ভেস্তে গেলে শুরু হয় চূড়ান্ত রাজনৈতিক অচলাবস্থা।
আব্বাসের আগাম নির্বাচনের ঘোষণা এবং তাতে ব্লেয়ারের সমর্থন সংকটে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসও আব্বাসের বাহিনীকে শক্তিশালী করতে সহায়তা করার ঘোষণা দেন।
