আদালতে জ্ঞান হারিয়ে ফেললেন তাইওয়ানের ফার্স্ট লেডি
অর্থ আত্মসাত ও দুর্নীতির মামলার শুনানিতে শুক্রবার আদালতে জ্ঞান হারিয়ে ফেলেন তাইওয়ানের ফার্স্ট লেডি উ শু চেন।
তাইপের আদালতে সকালে হুইল চেয়ারে চড়ে হাজির হন ৫৪ বছর বয়সী শু চেন। ১৯৮৫ সালে এক সড়ক দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ অবশ হয়ে পড়ে। আদালতে আইনজীবীরা ফার্স্ট লেডিকে নির্দোষ দাবি করেন। শুনানির শেষ দিকে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সরকারি কোষাগারের ৪ লাখ ৫৪ হাজার ডলার অপব্যবহারের অভিযোগে গত ৩ নভেম্বর উ শু চেনসহ প্রেসিডেন্ট চেন সুই বিয়ানের আরো তিনজন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়। অপর অভিযুক্ত চেন চেং হুই, লিন থি সুন, মা ইয়াং চেংও আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
বিরোধীদের বিক্ষোভের মুখে নভেম্বরে প্রেসিডেন্ট চেন সুই বিয়ান ঘোষণা দেন, মামলায় স্ত্রী অভিযুক্ত প্রমাণিত হলে পদত্যাগ করবেন।
তবে এই মামলার শুনানি শেষ হতে ছয় মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
