সোমালিয়ায় তৎপর আল কায়েদা, অভিযোগ যুক্তরাষ্ট্রের
সোমালিয়ার ইসলামপন্থীদের যাবতীয় কর্র্মকাণ্ড আল-কায়েদার পূর্ব আফ্রিকার সেল নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেনদাই ফ্রেজার বৃহস্পতিবার এ অভিযোগ করেন।
ইসলামপন্থীরা জুনে সোমালিয়ার রাজধানী মোগাদিসু দখল করে নেয়। এখন সে দেশের বাইদোয়া শহরটিই কেবল অন্তবর্তী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আর বাইদোয়ায় সরকারকে শক্তিশালী করতে ইথিওপিয়া ৩০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন চরমপন্থী ‘ইসলামিক কোর্টস ইউনিয়ন’র প্রতিরক্ষা বাহিনী প্রধান। মঙ্গলবার তিনি হুমকি দেন, সহায়তা বন্ধ না করলে ইথিওপিয়ার সৈন্যদের ওপরও হামলা চালানো হবে।
এ ধরনের হুমকির সমালোচনা করে মার্কিন সহকারী মন্ত্রী বলেন,“ ইসলামিক কোর্টসের নেতারা আসলে চরমপন্থী সন্ত্রাসী। তারা জিহাদের নামে সন্ন্যাসী ও শিশুদের হত্যা করছে।”
