২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফিরতে গিয়ে ইসরায়েলি বাধার মুখে হানিয়া

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে বৃহস্পতিবার মিশর থেকে গাজা উপত্যকায় ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র সফর শেষে তিনি ফিলিস্তিন ফিরছিলেন। ইসরায়েল বলেছে, হানিয়া নয়, বরং বিভিন্ন দেশ থেকে তুলে আনা অর্থের গাজায় প্রবেশ ঠেকানোই ছিল তাদের লক্ষ্য। এদিকে ইসরায়েলি সেনাদের পর রাফায় আব্বাস সমর্থকদের বাধার মুখে পড়েন হানিয়া। ওই সময় সংঘর্ষে হানিয়ার এক দেহরক্ষী নিহত এবং তার ছেলেসহ ২০ জন আহত হয়।

ইসরাইল জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে তুলে আনা ৩ কোটি ৫০ লাখ ডলার মিশরে রেখে আসার পরই ইসমাইল হানিয়াকে ঢুকতে দেওয়া হয়। গাজায় ফেরার পর সাংবাদিকদের হানিয়া বলেন, গুরুত্বপূর্ণ ও সফল সফর শেষে ফেরার পথে দখলদার ইসরায়েলিদের বাধায় আমার প্রবেশ কিছুটা বিলম্বিত হয়। এ সময় তাকে বেশ ক্লান্ত ও ম্রিয়মান দেখাচ্ছিল। তিনি আরো জানান, তার সফর সঙ্গী বেশ কয়েক জন মিশরে থেকে যায়।

হামাসের একটি সূত্র জানিয়েছে, প্রাপ্ত অর্থসহ দুই কর্মকর্তা মিশরে থেকে যান।

পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান, কাতার ও সুদান সফরকালে সংগৃহিত অর্থ নিয়ে ইসমাইল হানিয়া গাজা উপত্যকায় ফিরছিলেন। তাই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আমির পেরেজ রাফাহ সীমান্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

কূটনীতিকরা আরো জানান, বিভিন্ন রাষ্ট্র আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর হামাস রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ৮ কোটি ডলার নিয়ে আসে। সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য কাজের জন্য এ অর্থ আনা হয় বলে হামাস জানালেও ইসরায়েলের অভিযোগ, জঙ্গিদের জন্য এ অর্থ ব্যয় হচ্ছে।

রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের পরপরই হানিয়ার গাড়ি বহর লক্ষ করে গুলি চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গ্রুপের সংঘর্ষ বেধে গেলে আটকা পড়েন হানিয়া। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন তিনি। পরে পরিস্থিতি অনুকূল হলে তিনি হামাস কর্মীদের পাহারায় একটি ট্রাকে চড়ে বাড়ি ফেরেন। সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষে হানিয়ার এক জন নিহত ও ২০ জন আহত হয় বলে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানান।