ইরাকে হত্যাযজ্ঞে ৭ সেনা ও টিভি ক্রুসহ নিহত ১৮
কিরকুকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বুধবার সাত ইরাকি সেনা নিহত হয়েছে। একই দিন বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ১০ ইরাকি। এদিকে মসুলে বার্তা সংস্থা এপির এক টিভি ক্যামেরাম্যানকে হত্যা করেছে বন্দুকধারীরা।
পুলিশ জানায়, কিরকুকের রিয়াদ এলাকায় ইরাকি সেনা ঘাঁটির গেটে গাড়িটি নিয়েই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। এতে ঘটনাস্থলেই মারা যায় সাত সেনা সদস্য। আহত অপর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগদাদের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত কামালিয়া এলাকায় সকালে মসজিদের পাশেই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। প্রতি ভোরেই কাজের সন্ধানে শ্রমিকরা ওই স্থানে এসে জড়ো হত। বিস্ফোরণের সময়ও সেখানে বেশ ভিড় ছিল। ওই ঘটনায় আহত হয় ২৫ জন।
এপি জানিয়েছে, মসুলে তাদের টিভি ক্যামেরাম্যান আসওয়ান লুৎফুল্লাহকে বন্দুকধারীরা গুলিতে হত্যা করেছে।
পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার মোহাম্মদ আল ওয়াগার জানান, মঙ্গলবার লুৎফুল্লাহ মসুলের একটি শিল্প এলাকায় তার গাড়ি সারাতে গিয়েছিলেন। সে সময় ওই এলাকায় পুলিশ ও বন্দুকধারীদের সংঘর্ষ বাধলে তিনি ক্যামেরায় তা ধারণ করতে শুরু করেন। তখন বন্দুকধারীরা তাকে লক্ষ করেই গুলি চালায়।
আসওয়ান লুৎফুল্লাহর আগে যিনি মসুলে এপি টিভি নেটওয়ার্কে কাজ করতেন তিনিও ২০০৫ সালে এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন। লুৎফুল্লাহর বয়স ছিল ৩৫, তার দুই সন্তান রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্টস গত সপ্তাহে জানায়, ২০০৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে মোট ৮৯ জন সাংবাদিক ও ৩৭ জন সংবাদ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে এ বছরই নিহত হয় ২৯ জন।
