যুগসন্ধিক্ষণে রয়েছে বিশ্ব অর্থনীতি: বিশ্ব ব্যাংক
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমানে এক যুগসন্ধিক্ষণে রয়েছে এবং এ প্রবৃদ্ধিতে শ্লথ গতি অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছে বিশ্ব ব্যাংক।
ওয়াশিংটনভিত্তিক বিশ্ব উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক বুধবার প্রকাশিত ‘বিশ্ব অর্থনীতির সম্ভাবনা (গ্লোবাল ইকনমিক প্রোসপেক্ট)’ শীর্ষক এক প্রতিবেদনে জানায়, এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১ শতাংশ। তবে ২০০৭ সালে এ প্রবৃদ্ধির হার কমে ৪ দশমিক ৫ শতাংশ হবে। পরের বছর সামান্য বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৬ শতাংশে।
২০০৬ সালে বিশ্ব অর্থনীতির চালকের আসনে ছিল উন্নয়নশীল দেশগুলো এবং তাদের প্রবৃদ্ধি ৭ শতাংশে পৌঁছেছে বলে বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়। এই সংখ্যা উন্নত বিশ্বের প্রবৃদ্ধির তুলনায় দ্বিগুন।
প্রতিবেদনে অবশ্য বলা হয়, ২০০৭ ও ২০০৮ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধির পরিমাণ কমে দাঁড়াবে যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৬ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে উন্নত বিশ্বে এ বছর প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ। পরের দুই বছরে এর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ২ দশমিক ৪ ও ২ দশমিক ৮ শতাংশ।
এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ হ্যান্স টিমার সাংবাদিকদের বলেন, “উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। উন্নয়নশীল দেশগুলো নিজেদের প্রবৃদ্ধির গতি বাড়াতে সক্ষম হলেও উচ্চ আয়ের দেশগুলো তা করছে না।”
তিনি বলেন, আর্থিক খাতে উন্নততর নীতি গ্রহণ ও ইতিবাচক পরিস্থিতির কারণে উন্নয়নশীল দেশগুলোর এ প্রবণতা জোরদার থাকবে।
সবমিলিয়ে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যুক্তরাষ্ট্রে আবাসন ব্যবসা ধারণার চেয়েও দ্রুত গতিতে নিম্নমুখী হওয়ায় এবং এমনকি ওই খাতে মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা থাকায় তা উন্নয়নশীল দেশগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বেশ ধীর গতির প্রবৃদ্ধির কারণে ভোগ্যপণ্যের দাম কমে যেতে পারে। এর ফলে অনেক উন্নয়নশীল দেশ নগদ অর্থের সঙ্কটে পড়বে। এসব দেশ এখন পর্যন্ত এ সমস্যা এড়িয়ে চলতে পারলেও ধীর গতির বিশ্ব প্রবৃদ্ধি তাদের সে সমস্যার দিকে ঠেলে দিতে পারে বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়।
বিশ্ব ব্যাংকের মতে প্রবৃদ্ধির গতি শক্তিশালী হওয়ায় তা এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে ভোগপণ্য খাতের ওপর সরাসরি প্রভাব ফেলছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে তেলের সরবরাহ বাড়ায় ও চাহিদার প্রবৃদ্ধি কমে আসায় এর দাম ২০০৭ ও ২০০৮ সালে ব্যারেলপ্রতি যথাক্রমে ৫৬ ও ৫৩ আমেরিকান ডলারে নেমে আসবে।
তবে চীন, আর্জেন্টিনা ও ভারতের প্রবৃদ্ধির গতি যদি কমিয়ে আনা না যায় তবে ওই দেশগুলোতে মুদ্রাস্ফীতির হার বাড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়।
বিশ্ব ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বায়নের প্রভাবে আগামী সিকি শতাব্দীতে গড় আয়ের পরিমাণ দ্রুত বাড়লেও এর সঠিক ব্যবস্থাপনা সম্ভব না হলে আয়ের ভারসাম্য কমতে পারে এবং পরিবেশের ওপর এর মারাত্মক চাপ পড়তে পারে।
ওই প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতির পরিমাণ সাত লাখ ২০ হাজার কোটি ডলারে দাঁড়াবে। ২০০৫ সালে এর পরিমাণ ছিল তিন লাখ ৫০ হাজার কোটি ডলার। এর পেছনে মূল অবদান রাখবে উন্নয়নশীল বিশ্ব।
এরপরও এসব দেশে আয়ের পরিমাণ উন্নত বিশ্বের তুলনায় এক-চতুর্থাংশেরও কম থাকবে বলে প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়।
ওই সময় দারিদ্র সীমার নিচে বসবাসকারী, অর্থাৎ দিনে এক আমেরিকান ডলারের কম আয়ের মানুষের সংখ্যা দাঁড়াবে ৫৫ কোটি। বর্তমানে এই সংখ্যা ১১০ কোটি। ওই সময়ও সবচেয়ে বেশি দারিদ্র্য থাকবে আফ্রিকায়।
