ইসরায়েলের দিন শেষ হয়ে এসেছে: আহমাদিনেজাদ
ইহুদি নিধনযজ্ঞ নিয়ে আয়োজিত তেহরান সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইসরায়েলের দিন শেষ হয়ে এসেছে।
তিনি বলেন, “মানুষের আকাঙ্খা আর আল্লাহর ইচ্ছায় ইহুদিবাদের অস্তিত্ব শেষ হয়ে আসছে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি এবং সব জাতিও এটাই চায়।”
আহমাদিনেজাদ বলেন, “যেমন করে একদিন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর মানচিত্র থেকে উবে গেছে এবং এখন আর তার কোন অস্তিত্ব নেই, তেমনি ওই ইহুদিবাদী রাজত্বও খুব শিগগিরই উবে যাবে।”
সম্মেলনে অংশ নেওয়া দেশী-বিদেশী প্রতিনিধিদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আহমাদিনেজাদের বক্তব্য। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, সুইটজারল্যান্ড, অস্ট্রিয়া, বাহরাইন, সিরিয়াসহ প্রায় ৩০টি দেশের লেখক, চিন্তাবিদ, ধর্মগুরুসহ অন্যান্য প্রতিনিধি তেহরান সম্মেলনে যোগ দেন।
ইহুদি নিধনযজ্ঞ সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশে আহমাদিনেজাদ বলেন, “ইরান আপনাদের ঘর এবং পৃথিবীর সব স্বাধীনতাকামীদের ঘর। এখানে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন, একটি আন্তরিক ভাতৃত্বপূর্ণ এবং মুক্ত পরিবেশে আপনাদের মতের আদান-প্রদান করতে পারেন।”
তেহরান সম্মেলন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ইহুদি নিধনযজ্ঞের প্রকৃত ঘটনা উদঘাটনে একটি ‘অনুসন্ধানী কমিটি’ গঠন করা হয়েছে বলে জানানো হয়।
বিভিন্ন মানবাধিকার ও ইহুদি সংগঠনসহ পশ্চিমা দেশগুলো তেহরান সম্মেলনের কঠোর সমালোচনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম জার্মানি সফরে আসা এহুদ ওলমার্টের সঙ্গে সাক্ষাতের পর জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেছেন, তেহরানের এ সম্মেলন থেকে বোঝা যাচ্ছে যে, “ইসরায়েল কি বিপৎজনক পরিস্থিতির মধ্যে আছে এবং তার ওপর কতোটা হুমকি রয়েছে ।”
ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ফ্রাঙ্কো ফ্রাত্তিনি তেহরান সম্মেলনকে ‘দুঃখজনক ও অবমাননাকর’ হিসেবে উল্লেখ করে বলেছেন,“ইউরোপে এন্টি-সেমিটিজমের কোন স্থান নেই, পৃথিবীর অন্য কোথাও তা থাকা উচিৎ নয়।”
